
দেশের প্রধান শিল্পাঞ্চলগুলোতে শ্রমিকদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ছয়টি ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। প্রাথমিকভাবে টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রামে এসব হাসপাতাল নির্মাণ করা হবে। হাসপাতালগুলোতে কেবল শ্রমিকরাই চিকিৎসাসেবা পাবেন।
আজ জাতীয় সংসদের ১৩তম অধিবেশনের চতুর্থ দিনে পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এ তথ্য জানান।
প্রধানমন্ত্রী বলেন, ‘প্রাথমিকভাবে আমরা টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রামে একটি করে ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণ করব, যেখানে কেবল আমাদের শ্রমিক ভাই-বোনেরাই চিকিৎসাসেবা পাবেন।’
তিনি জানান, এসব হাসপাতাল ‘শ্রমিক হাসপাতাল’ হিসেবে পরিচিত হবে। শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যেই এগুলো নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
তারেক রহমান বলেন, জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকার সব শ্রেণি-পেশার মানুষের কল্যাণে কাজ করছে। শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাও সরকারের সেই উদ্যোগের অংশ।
জবাবে প্রধানমন্ত্রী পূর্ববর্তী স্বৈরাচারী শাসনামলের সমালোচনা করে বলেন, ওই সময়ে দেশের স্বাস্থ্যব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছিল। বিশেষ করে গ্রামীণ স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়েছিল। আগের গণতান্ত্রিক সরকারগুলোর আমলে গড়ে ওঠা স্বাস্থ্য অবকাঠামোরও অনেক কিছু অবশিষ্ট ছিল না।
তিনি আরও বলেন, স্বাস্থ্যব্যবস্থাকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল যে মানুষ চিকিৎসার জন্য অন্য দেশে যেতে বাধ্য হতো।
প্রধানমন্ত্রী অভিযোগ করেন, ওই শাসনামলে দেশের জ্বালানি খাতকে বিদেশি উৎসের ওপর নির্ভরশীল করে তোলা হয়েছিল। দেশের খনিজ সম্পদ জনগণের কল্যাণে ব্যবহার করা হয়নি। ফলে বিভিন্ন ক্ষেত্রে আমদানিনির্ভরতা বেড়েছে। একই সঙ্গে এমন নীতি গ্রহণ করা হয়েছিল, যা দেশের শিল্পের স্বাভাবিক বিকাশকে বাধাগ্রস্ত করেছে।
সংসদের আগের একটি অধিবেশনের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, বিরোধীদলীয় নেতাও তখন দেশের স্বাস্থ্যব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।
স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে আজ বিকেল ৩টা ৩৮ মিনিটে অধিবেশনের কার্যক্রম শুরু হয়।