ঢাকামঙ্গলবার , ১০ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

যে টিয়াকে জায়গা দিয়েছিল ব্রিটেন, এখন তাকেই তাড়াতে চায়!

প্রতিবেদক
বিপ্লব হোসাইন
১০ নভেম্বর ২০২৬, ১১:৫৭ সকাল

Link Copied!

ব্রিটেনের শহরগুলোতে কয়েক দশক ধরে বসবাস করছে এশীয় প্রজাতির সবুজ রঙের রিং-নেকড প্যারাকিট বা এক ধরনের টিয়া পাখি। একসময় সৌন্দর্য ও কোলাহলপূর্ণ উপস্থিতির কারণে মানুষের কাছে জনপ্রিয় হয়ে ওঠা পাখিগুলো এখন দেশটির পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে। বাড়ছে তাদের সংখ্যা ও বিস্তৃতি। ফলে পাখিগুলোকে শিকার করার অনুমতি দেওয়ার প্রস্তাবও উঠেছে। তবে এ নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। এক পক্ষ বলছে, স্থানীয় প্রজাতি ও কৃষি রক্ষায় এদের নিয়ন্ত্রণ জরুরি। অন্য পক্ষের দাবি, বিদেশি প্রজাতি হিসেবে পাখিগুলোর প্রতি নেতিবাচক মনোভাবের পেছনে একধরনের বিদেশিবিদ্বেষও কাজ করছে।

 

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক দীর্ঘ প্রতিবেদনে উঠে এসেছে ব্রিটেনে রিং-নেকড প্যারাকিটের বিস্তার, পরিবেশগত প্রভাব এবং এগুলো নিয়ন্ত্রণের উদ্যোগ নিয়ে চলমান বিতর্কের চিত্র।

কীভাবে ব্রিটেনে ছড়িয়ে পড়ল প্যারাকিট?

রিং-নেকড প্যারাকিট মূলত এশিয়ার পাখি। এর একটি উপপ্রজাতির বিস্তৃতি পাকিস্তান, উত্তর ভারত, নেপাল, বাংলাদেশ ও মিয়ানমার পর্যন্ত। অন্য উপপ্রজাতিটি দক্ষিণ ভারত ও শ্রীলঙ্কায় দেখা যায়। কয়েক দশক ধরে ব্রিটেনের বিভিন্ন শহরে এদের স্থায়ী বসতি গড়ে উঠেছে।

পাখিগুলো কীভাবে প্রথম ব্রিটেনে আসে, তা নিয়ে নানা গল্প প্রচলিত রয়েছে। কেউ মনে করেন, ১৯৬৮ সালে সংগীতশিল্পী জিমি হেনড্রিক্স তাঁর পোষা এক জোড়া প্যারাকিট লন্ডনের কার্নাবি স্ট্রিটে ছেড়ে দিয়েছিলেন। আবার কেউ বলেন, ১৯৫১ সালে ‘দ্য আফ্রিকান কুইন’ চলচ্চিত্রের শুটিংয়ের সময় পাখিগুলো পালিয়ে যায়। তবে এসব গল্পের পক্ষে নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।

২০১৯ সালের একটি গবেষণার বরাত দিয়ে গার্ডিয়ান জানিয়েছে, পোষা পাখি খাঁচা থেকে পালিয়ে যাওয়া, ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেওয়া এবং পাখির খামার থেকে বেরিয়ে আসার ধারাবাহিক ঘটনার মধ্য দিয়েই ব্রিটেনে এদের বিস্তার ঘটেছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটেনে পোষা পাখি পালনের প্রবণতাও দ্রুত বাড়ে। ১৯৪৭ থেকে ১৯৬১ সালের মধ্যে দেশটিতে পোষা পাখির সংখ্যা ছয় লাখ থেকে বেড়ে এক কোটি ১০ লাখে পৌঁছায়। ১৯৭১ সালের মধ্যে লন্ডনের ক্রয়ডনে রিং-নেকড প্যারাকিটের স্বনির্ভর প্রজননশীল জনগোষ্ঠী গড়ে ওঠে।

১৯৮৬ সালে ব্রিটেন ও আয়ারল্যান্ডের শীতকালীন পাখির ওপর প্রকাশিত একটি তালিকায় এদের সংখ্যা ছিল প্রায় এক হাজার। ১৯৯৭ সালে পুরো যুক্তরাজ্যে প্রজননক্ষম প্যারাকিটের সংখ্যা আনুমানিক ৩ হাজার ৫০০ জোড়া বলে ধারণা করা হয়। ২০১৬ সালের সর্বশেষ সরকারি গণনায় এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ১২ হাজার প্রজননক্ষম জোড়ায়। বর্তমানে প্রজননক্ষম ও অপ্রজননক্ষম পাখিসহ মোট সংখ্যা প্রায় ৫০ হাজার বলে প্রচলিত হিসাব রয়েছে। তবে প্রকৃত সংখ্যা এর চেয়েও বেশি হতে পারে।

কেন পরিবেশের জন্য হুমকি মনে করা হচ্ছে?

প্যারাকিটের সংখ্যা ও বিস্তৃতি বাড়ার সঙ্গে সঙ্গে স্থানীয় পাখি ও অন্যান্য বন্যপ্রাণীর ওপর এর প্রভাব নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ইউরোপের বিভিন্ন গবেষণায় দেখা গেছে, এসব পাখি স্থানীয় কিছু পাখি ও বাদুড়ের প্রজাতির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

বিশেষ করে খাবার ও বাসা তৈরির জায়গা নিয়ে প্রতিযোগিতায় স্থানীয় পাখিরা পিছিয়ে পড়ার আশঙ্কা রয়েছে। বেলজিয়াম ও স্পেনের গবেষণায় দেখা গেছে, প্যারাকিটের আধিক্য থাকলে ইউরেশিয়ান নাথ্যাচসহ কয়েকটি স্থানীয় পাখির সংখ্যা কমে যেতে পারে।

কৃষিতেও ক্ষতির আশঙ্কা রয়েছে। ব্রিটেনের কেন্ট অঞ্চলে চেরি ফুলের কুঁড়ি খাওয়ার কারণে প্যারাকিটকে কৃষকদের জন্য সমস্যা হিসেবে দেখা হচ্ছে। গাছে ফুল নষ্ট হলে ফল উৎপাদনও ব্যাহত হতে পারে।

এ ছাড়া পাখিগুলো নিউক্যাসল রোগের ভাইরাস এবং ক্রিপ্টোস্পোরিডিয়াম নামের পরজীবী বহন করতে পারে। নিউক্যাসল রোগ মূলত পোলট্রি খাতের জন্য ক্ষতিকর। অন্যদিকে ক্রিপ্টোস্পোরিডিয়াম মানুষের মধ্যেও সংক্রমণ ঘটাতে পারে এবং ডায়রিয়ার কারণ হতে পারে।

২০১১ সালের এক ঝুঁকি মূল্যায়নে ব্রিটেনের নন-নেটিভ স্পিসিজ সেক্রেটারিয়েট প্যারাকিটকে কৃষির জন্য অন্যতম ক্ষতিকর পাখির প্রজাতি হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে উল্লেখ করেছিল।

পাখি শিকারের অনুমতি দেওয়ার উদ্যোগ

প্যারাকিটের সংখ্যা নিয়ন্ত্রণে ব্রিটেনে নতুন করে আইনগত উদ্যোগ নিয়ে আলোচনা চলছে। গত মার্চে দেশটির সরকার শিকারযোগ্য পাখির তালিকা বা ‘কোয়ারি লিস্ট’ নিয়ে পরামর্শ গ্রহণ শুরু করে। কোন কোন পাখি নির্দিষ্ট মৌসুমে বন্দুকের মাধ্যমে শিকার করা যাবে, সে তালিকায় নতুন প্রজাতি যুক্ত করার প্রস্তাবও চাওয়া হয়।

ব্রিটিশ অ্যাসোসিয়েশন ফর শুটিং অ্যান্ড কনজারভেশনের (বিএএসসি) পক্ষ থেকে ২৪টি পাখির প্রজাতি তালিকায় যুক্ত করার প্রস্তাব দেওয়া হয়। এর মধ্যে রিং-নেকড প্যারাকিটও রয়েছে।

বর্তমান আইন অনুযায়ী, প্যারাকিটকে আক্রমণাত্মক বিদেশি প্রজাতি হিসেবে বিবেচনা করে নির্দিষ্ট শর্তে হত্যা করা যায়। যেমন, ফসল বা বিপন্ন বন্যপ্রাণী রক্ষার প্রয়োজন থাকতে হবে এবং প্রাণঘাতী নয় এমন পদ্ধতি অকার্যকর বা বাস্তবসম্মত নয় বলে প্রমাণিত হতে হবে। কিন্তু শিকারযোগ্য তালিকায় অন্তর্ভুক্ত করা হলে এসব শর্তের প্রয়োজনীয়তা থাকবে না। ফলে সাধারণ শিকারিরাও নির্দিষ্ট মৌসুমে পাখিগুলো শিকার করতে পারবেন।

বিএএসসির নীতিবিষয়ক প্রধান কনর ও’গরম্যান বলেছেন, এ প্রস্তাবের উদ্দেশ্য আনন্দের জন্য পাখি হত্যা করা নয়। বরং বাগান, ফলের খামার বা আঙুরক্ষেতে প্যারাকিটের আক্রমণ হলে কৃষক ও জমির মালিকদের দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ দেওয়া। তাঁর মতে, শহরের প্যারাকিটের সংখ্যা এখন বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। তবে গ্রামীণ এলাকায় এদের বিস্তার ঠেকাতে আগাম ব্যবস্থা থাকা প্রয়োজন।

বিদেশিবিদ্বেষের অভিযোগও রয়েছে

প্যারাকিট নিয়ন্ত্রণের উদ্যোগের বিরোধিতাকারীদের একটি অংশ মনে করছে, পাখিগুলোকে বিদেশি হিসেবে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে নেতিবাচক মনোভাব তৈরি করা হচ্ছে। এমনকি এ মনোভাবের সঙ্গে মানুষের অভিবাসনবিরোধী মনোভাবেরও মিল রয়েছে বলে কেউ কেউ মনে করেন।

প্রকৃতিবিদ ও বন্যপ্রাণী বিশেষজ্ঞ ক্রিস প্যাকহাম মনে করেন, প্যারাকিটের বিরুদ্ধে পরিবেশগত ক্ষতির অভিযোগের অনেকটাই অতিরঞ্জিত। তাঁর মতে, নতুন প্রজাতির প্রতি মানুষের একধরনের ভীতি এবং সংবাদমাধ্যমের অতিরঞ্জিত প্রচারণা এ আতঙ্ক তৈরিতে ভূমিকা রাখছে।

তিনি মনে করেন, দীর্ঘদিন ধরে ব্রিটেনের পরিবেশের অংশ হয়ে ওঠা পাখিগুলোকে নির্মূল করা নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ। ভবিষ্যতে কৃষি বা পরিবেশের জন্য গুরুতর হুমকি তৈরি হলে মানবিক পদ্ধতিতে তাদের নিয়ন্ত্রণ করা উচিত। শুধু বন্দুক ব্যবহারের অনুমতি আছে এমন সাধারণ মানুষের হাতে এ দায়িত্ব ছেড়ে দেওয়া ঠিক হবে না।

বর্ণবৈচিত্র্য ও পাখি পর্যবেক্ষণ নিয়ে কাজ করা সংগঠন ‘ফ্লক টুগেদার’ও বিষয়টিকে ভিন্নভাবে দেখছে। সংগঠনটির মতে, প্যারাকিটের বিরুদ্ধে যে ধরনের অবজ্ঞা ও অপমানজনক ভাষা ব্যবহার করা হয়, তা ব্রিটেনের অশ্বেতাঙ্গ জনগোষ্ঠীর অভিজ্ঞতার সঙ্গে কিছুটা মিলে যায়।

আক্রমণাত্মক বিদেশি প্রজাতি নিয়ে বিতর্ক

প্যারাকিটকে ঘিরে বিতর্কটি শুধু একটি পাখির সংখ্যা নিয়ন্ত্রণের বিষয় নয়; বরং আক্রমণাত্মক বিদেশি প্রজাতি বা ইনভেসিভ স্পিসিজ কীভাবে চিহ্নিত ও নিয়ন্ত্রণ করা উচিত, সেই বৃহত্তর বৈজ্ঞানিক বিতর্কেরও অংশ।

বিশ্বের বিভিন্ন দেশে মানুষের মাধ্যমে নতুন পরিবেশে ছড়িয়ে পড়া প্রাণী ও উদ্ভিদ স্থানীয় জীববৈচিত্র্যের বড় ক্ষতি করেছে। যেমন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর মাধ্যমে গুয়ামে পৌঁছানো বাদামি গেছো সাপ দ্বীপটির স্থানীয় বনজ পাখির ১২টি প্রজাতির মধ্যে ১০টিকে বিলুপ্তির পথে ঠেলে দেয়। একইভাবে আফ্রিকার ভিক্টোরিয়া হ্রদে নীল পার্চ মাছ ছাড়ার ফলে স্থানীয় প্রায় ২০০ প্রজাতির সিক্লিড মাছের অস্তিত্ব হুমকির মুখে পড়ে।

তবে সব বিদেশি প্রজাতিই যে ক্ষতিকর, এমন ধারণার বিরোধিতাও রয়েছে। ২০১১ সালে জীববিজ্ঞানী মার্ক ডেভিস ও তাঁর সহগবেষকেরা নেচার সাময়িকীতে প্রকাশিত এক নিবন্ধে প্রজাতিকে শুধু তার উৎপত্তিস্থলের ভিত্তিতে বিচার না করার আহ্বান জানান। তাঁদের মতে, কোনো প্রজাতি স্থানীয় নাকি বিদেশি, সেটির চেয়ে পরিবেশে তার প্রকৃত ভূমিকা ও প্রভাব বেশি গুরুত্বপূর্ণ।

তবে টেনেসি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড্যানিয়েল সিমবারলফসহ একদল বিজ্ঞানী এ অবস্থানের সমালোচনা করেছেন। তাঁদের মতে, বিদেশি প্রজাতির মধ্যে অনেক উপকারী প্রজাতি থাকলেও যেগুলো জীববৈচিত্র্যের জন্য হুমকি, সেগুলোকে চিহ্নিত করে নিয়ন্ত্রণ করা জরুরি।

শহরের জীবনের অংশ হয়ে উঠেছে প্যারাকিট

পরিবেশগত বিতর্কের পাশাপাশি ব্রিটেনের অনেক মানুষের কাছে প্যারাকিট এখন শহরের পরিচিত ও প্রিয় পাখি। লন্ডনের বিভিন্ন পার্ক, দেয়ালের চিত্রকর্ম, সামাজিক যোগাযোগমাধ্যমের ছবি এমনকি সাহিত্যেও জায়গা করে নিয়েছে এরা।

‘দ্য প্যারাকিটিং অব লন্ডন’ বইয়ের লেখক নিক হান্টের মতে, প্যারাকিটের সংখ্যা বাড়লেও বিষয়টিকে শুধু বিদেশি প্রজাতির আগ্রাসন হিসেবে দেখা উচিত নয়। তাঁর ভাষায়, প্রকৃতির পরিবর্তন ও প্রজাতির বিস্তারকে সব সময় নির্দিষ্ট ভৌগোলিক সীমানার মধ্যে আটকে রাখার চিন্তা প্রকৃতির স্বাভাবিক গতির সঙ্গে সাংঘর্ষিক।

সব মিলিয়ে ব্রিটেনে রিং-নেকড প্যারাকিটকে ঘিরে বিতর্কে দুটি অবস্থান স্পষ্ট। একদিকে কৃষি ও স্থানীয় জীববৈচিত্র্য রক্ষায় পাখিগুলোর সংখ্যা নিয়ন্ত্রণের দাবি, অন্যদিকে দীর্ঘদিন ধরে শহরের পরিবেশের অংশ হয়ে ওঠা প্রাণীদের নির্বিচারে হত্যার বিরোধিতা। ফলে প্রশ্ন উঠেছে, প্যারাকিটকে পরিবেশের হুমকি হিসেবে বিবেচনা করে নির্মূল করা হবে, নাকি বৈজ্ঞানিক ও মানবিক পদ্ধতিতে তাদের সঙ্গে সহাবস্থানের পথ খোঁজা হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

A Celebration of Style- Apex Brings the Joy of the Shopping Experience to 11.11

১১.১১ উপলক্ষে এপেক্সে ২২ শতাংশ পর্যন্ত ছাড়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার আশায় কমল তেলের দাম

১৫ হাজার শিশুকে বিকাশের সেবা, গবেষণায় মিলল না উল্লেখযোগ্য সুফল

হালকা কুয়াশা আর হিমেল বাতাসে শীতের ছোঁয়া পঞ্চগড়ে

উত্তপ্ত হচ্ছে সমুদ্র, গলছে হিমবাহ, ভয়াবহ ভবিষ্যতের মুখে পৃথিবী

vivo Launches New Flagship Smartphone V80 in Bangladesh

বাংলাদেশে লঞ্চ হলো ভিভোর নতুন ফ্ল্যাগশিপ ভি৮০

DAM Expresses Gratitude to Prime Minister’s Initiative

প্রধানমন্ত্রীর উদ্যোগকে স্বাগত জানিয়ে ঢাকা আহ্ছানিয়া মিশনের কৃতজ্ঞতা প্রকাশ

ডেঙ্গু চিকিৎসায় আড়াই কোটি টাকার বেশি বীমা দাবি পরিশোধ করল মেটলাইফ

খাবারের আড়ালে লুকিয়ে থাকা নীরব ঘাতক ট্রান্স ফ্যাট