
রাগ, ভয়, ঈর্ষা, উদ্বেগ কিংবা একাকিত্ব-এসব অনুভূতিকে সাধারণত নেতিবাচক আবেগ হিসেবে দেখা হয়। অস্বস্তিকর এসব অনুভূতি এড়িয়ে চলতে বা দমন করতে চান অনেকে। কিন্তু মনোবিজ্ঞানীরা বলছেন, প্রতিটি আবেগের পেছনে থাকতে পারে কোনো প্রয়োজন, মূল্যবোধ কিংবা অপূর্ণতার সংকেত। সঠিকভাবে সেই সংকেত বুঝতে পারলে নিজের আচরণ পরিবর্তন, লক্ষ্য অর্জন এবং আরও ভালো জীবন গঠনের পথ খুঁজে পাওয়া সম্ভব।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, মানুষের জীবনে মানসিক নমনীয়তা বা ‘সাইকোলজিক্যাল ফ্লেক্সিবিলিটি’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এর মাধ্যমে অস্বস্তিকর অনুভূতিকে অস্বীকার না করে তা গ্রহণ করা এবং পরিস্থিতি অনুযায়ী নিজের সিদ্ধান্ত ও আচরণ পরিবর্তন করা সম্ভব।
আচরণবিজ্ঞানী ও কোচ র্যাচেল স্কিউজের মতে, মানসিক নমনীয়তা এমন একটি দক্ষতা, যা অনুশীলনের মাধ্যমে বাড়ানো যায়। এর তিনটি মূল দিক রয়েছে। প্রথমত, নিজের কাছে গুরুত্বপূর্ণ বিষয় ও লক্ষ্য সম্পর্কে সচেতন থাকা। দ্বিতীয়ত, বর্তমান মুহূর্তে মনোযোগ ধরে রাখা এবং নিজের অবস্থান সম্পর্কে নমনীয় ধারণা রাখা। তৃতীয়ত, জীবনে আসা নতুন পরিস্থিতি ও অভিজ্ঞতার প্রতি উন্মুক্ত থাকা।
বিশেষজ্ঞদের মতে, ইতিবাচক চিন্তার অর্থ সব সময় ভালো থাকার চেষ্টা করা নয়। বরং রাগ, ভয়, উদ্বেগ কিংবা হতাশার মতো অনুভূতিগুলোকে স্বীকার করে সেগুলো থেকে প্রয়োজনীয় শিক্ষা নেওয়াই বেশি কার্যকর। কোনো পরিস্থিতি পরিবর্তন করা অসম্ভব হলে সেটি মেনে নিয়ে বিকল্প পথ খুঁজে নেওয়াও মানসিক নমনীয়তার অংশ।
এর একটি উদাহরণ দিয়েছেন জেনেট নামের একজন নির্বাহী সহকারী। নতুন চাকরিতে যোগ দেওয়ার পর তিনি বুঝতে পারেন, একা ও দূর থেকে কাজ করার পরিবেশ তাঁর জন্য উপযোগী নয়। প্রথমদিকে চাকরিটি তাঁর কাছে অসহনীয় মনে হতো। কিন্তু পরে বন্ধুর সঙ্গে আলোচনা করে তিনি বুঝতে পারেন, সমস্যাটি তাঁর বস কিংবা কাজের চাপ নয়; বরং সহকর্মীদের সঙ্গে সরাসরি যোগাযোগের অভাব। এরপর তিনি একটি স্থানীয় কো-ওয়ার্কিং স্পেসে যুক্ত হন। সেখানে অন্যদের সঙ্গে দেখা করা, কথা বলা ও একসঙ্গে সময় কাটানোর সুযোগ তৈরি হয়। এতে তাঁর চাকরির প্রতি অসন্তুষ্টি দূর হয়।
মানসিক নমনীয়তার উপকারিতা নিয়ে একাধিক গবেষণার বিশ্লেষণেও ইতিবাচক ফল পাওয়া গেছে। গবেষণায় দেখা গেছে, যাঁদের মানসিক নমনীয়তা বেশি, তাঁদের সামগ্রিক মানসিক স্বাস্থ্য তুলনামূলক ভালো। কঠিন অনুভূতিগুলো গ্রহণ করতে পারলে মানুষ বাস্তবতা এড়িয়ে না গিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে উৎসাহিত হয়।
মনোবিজ্ঞানী সুসান ডেভিড এ বিষয়টিকে ‘ইমোশনাল অ্যাজিলিটি’ বা আবেগীয় নমনীয়তা হিসেবে ব্যাখ্যা করেছেন। তাঁর মতে, আনন্দ, কৃতজ্ঞতা ও আশাবাদের পাশাপাশি ভয়, রাগ ও ঈর্ষার মতো অনুভূতিগুলোকেও স্বাভাবিকভাবে গ্রহণ করতে হবে। তবে কোনো একটি আবেগ যেন মানুষের আচরণ ও সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করতে না পারে, সেদিকে খেয়াল রাখা জরুরি।
ডেভিডের মতে, আবেগকে ভালো বা খারাপ হিসেবে ভাগ না করে তথ্য বা সংকেত হিসেবে দেখা উচিত। যেমন, কেউ একাকিত্ব অনুভব করলে নিজেকে দোষারোপ না করে ভাবতে পারেন, এই অনুভূতি তাঁকে কী বোঝাচ্ছে। হয়তো তাঁর আরও মানুষের সঙ্গে মেশা, ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি কিংবা সামাজিক যোগাযোগ বাড়ানো প্রয়োজন। এভাবে আবেগের কারণ বুঝতে পারলে সমস্যা সমাধানের পথও বের হতে পারে।
তিনি আরও বলেন, কোনো কিছু অনুভব করার অর্থ এই নয় যে সেটিই সত্য কিংবা সেই অনুভূতি অনুযায়ী কাজ করতে হবে। আবেগ পরিবর্তনশীল এবং অনেক সময় সাময়িক। তাই নিজের অনুভূতিকে বুঝতে হবে, কিন্তু সেটির কাছে পুরোপুরি নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়া যাবে না। মানুষ নিজের মূল্যবোধ, সিদ্ধান্ত ও পরবর্তী পদক্ষেপ নিজেই নির্ধারণ করতে পারে।
এদিকে নিউইয়র্ক ইউনিভার্সিটি ও জার্মানির হামবুর্গ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানের অধ্যাপক গ্যাব্রিয়েলে ওটিনগেনের গবেষণায় উঠে এসেছে, শুধু ইতিবাচক চিন্তা বা স্বপ্ন দেখলেই লক্ষ্য অর্জন সহজ হয় না। বরং সম্ভাব্য বাধাগুলো আগে থেকে চিহ্নিত করা, ব্যর্থতার প্রস্তুতি রাখা এবং প্রয়োজনে পরিকল্পনা পরিবর্তন করাই সাফল্যের ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ।
তাঁর গবেষণায় দেখা গেছে, মানুষ যখন কোনো লক্ষ্য অর্জনের পরিণতি নিয়ে অতিরিক্ত ইতিবাচক কল্পনায় ডুবে থাকে, তখন বাস্তবে সেই লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনীয় উদ্যোগ কমে যেতে পারে। তাই শুধু কাঙ্ক্ষিত ফলাফল কল্পনা না করে, সেখানে পৌঁছানোর পথে কী ধরনের বাধা আসতে পারে, তা নিয়েও ভাবতে হবে।
এ ক্ষেত্রে নিজের ভেতরের বাধাগুলো চিহ্নিত করার পরামর্শ দিয়েছেন তিনি। যেমন, কর্মক্ষেত্রে বসের প্রতি ক্ষোভ থাকলে শুধু বসকে সমস্যার কারণ হিসেবে না দেখে নিজের ক্ষোভ কীভাবে কাজের অগ্রগতিতে বাধা সৃষ্টি করছে, সেটিও বিবেচনা করা প্রয়োজন। এতে নিজের নিয়ন্ত্রণে থাকা বিষয়গুলো পরিবর্তনের সুযোগ তৈরি হয়।
প্রতিবেদনে নিজের অভিজ্ঞতার কথাও তুলে ধরেছেন নিক জে নামের একজন ব্যক্তি, যিনি ‘বাল্ড শেফ নিক’ নামে পরিচিত। ডিসলেক্সিয়ার কারণে পড়াশোনায় সমস্যার মুখে পড়ে ১৫ বছর বয়সে কোনো যোগ্যতা ছাড়াই স্কুল ছাড়তে হয়েছিল তাঁকে। পরে প্রায় ৪০ বছর আবাসন ব্যবসায় কাজ করার পর পঞ্চাশের দশকের শেষভাগে শেফ হওয়ার প্রশিক্ষণ নেন। নিজের শেখার ধরন অনুযায়ী প্রশিক্ষণের প্রতিটি লিখিত উপকরণ নতুন করে সাজিয়ে নেন তিনি। পরবর্তী সময়ে সেই অভিজ্ঞতা থেকেই তৈরি করেন ডিসলেক্সিয়ায় আক্রান্ত ব্যক্তিদের উপযোগী রান্নার বই।
বিশেষজ্ঞরা মানসিক অচলাবস্থা কাটিয়ে ওঠার জন্য কয়েকটি কৌশলের কথাও বলেছেন। এর মধ্যে রয়েছে-নিজের অতীত ও ভবিষ্যৎ জীবনের অবস্থান থেকে বর্তমান সিদ্ধান্তকে মূল্যায়ন করা, তীব্র আবেগ তৈরি হলে সেটি কী সংকেত দিচ্ছে তা খুঁজে দেখা, লক্ষ্যকে চূড়ান্ত সিদ্ধান্ত না ভেবে প্রয়োজনে পরিবর্তনযোগ্য পরিকল্পনা হিসেবে দেখা এবং সম্ভাব্য বাধা মোকাবিলায় আগে থেকেই বিকল্প পরিকল্পনা তৈরি করা।
সবশেষে বিশেষজ্ঞদের বক্তব্য হলো, মানসিকভাবে ভালো থাকার অর্থ সব সময় আনন্দিত থাকা কিংবা নেতিবাচক আবেগ থেকে দূরে থাকা নয়। বরং নিজের অনুভূতিগুলোকে বুঝতে শেখা, বাস্তবতা মেনে নেওয়া এবং পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত পরিবর্তনের সক্ষমতা তৈরি করাই গুরুত্বপূর্ণ। রাগ, ভয় কিংবা ঈর্ষার মতো অস্বস্তিকর আবেগও কখনো কখনো নিজের প্রয়োজন, সীমাবদ্ধতা ও জীবনের অগ্রাধিকার সম্পর্কে গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারে।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান