
প্রিমিয়াম টাইগ্রিস সিরিজের ওয়াটার হিটার উন্মোচনের পাশাপাশি বাংলাদেশে প্রথমবারের মতো নিজেদের মাইক্রোওয়েভ ওভেনের সিরিজ বাজারে এনেছে হায়ার বাংলাদেশ লিমিটেড।
সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর গুলশানে হায়ারের ফ্ল্যাগশিপ স্টোরে নতুন পণ্যগুলো আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। এর মাধ্যমে দেশের বাজারে গৃহস্থালি পণ্যের পরিসর আরও বাড়াল প্রতিষ্ঠানটি।
হায়ার বাংলাদেশের নতুন টাইগ্রিস সিরিজের ওয়াটার হিটার তৈরি করা হয়েছে ‘শকপ্রুফ ওয়াটার হিটার, সেফ অ্যাজ আনপ্লাগড’ ধারণাকে সামনে রেখে। এতে রয়েছে উন্নত হিটিং প্রযুক্তি ও সুপার টাইটানিয়াম এনামেল ট্যাংক।
সিরিজটিতে প্রিমিয়াম গোল্ডেন ফিনিশের ৩৫ ও ৪৫ লিটারের হরাইজন্টাল এবং ৩০ লিটারের ভার্টিক্যাল মডেল রয়েছে। ৩০ লিটারের ভার্টিক্যাল মডেলটিতে ‘নো হ্যাংগিং, নো ড্রিলিং’ সুবিধা থাকায় প্রচলিত পদ্ধতিতে দেয়ালে ড্রিলিং করে মাউন্ট করার প্রয়োজন হয় না। ফলে ব্যবহারকারীরা নিজেদের সুবিধামতো স্থানে এটি স্থাপন করতে পারবেন।
এদিকে, হায়ার বাংলাদেশ প্রথমবারের মতো বাজারে এনেছে তিন ধরনের মাইক্রোওয়েভ ওভেন। এগুলো হলো ২০ লিটারের সোলো, ২৩ লিটারের গ্রিল এবং ৩০ লিটারের কনভেকশন মডেল।
এর মধ্যে ৩০ লিটারের ফ্ল্যাগশিপ মডেলটিতে মাইক্রোওয়েভ, গ্রিল, কনভেকশন ও এয়ার ফ্রাই-চার ধরনের সুবিধা রয়েছে। ফলে একই ওভেনে বিভিন্ন ধরনের খাবার তৈরি করা যাবে। এতে স্বাস্থ্যকর খাবারসহ নানা পদের রান্নার চাহিদা পূরণ করা সম্ভব হবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।
হায়ার বাংলাদেশ জানিয়েছে, নতুন পণ্য উন্মোচনের মাধ্যমে স্থানীয় গ্রাহকদের চাহিদা অনুযায়ী আরও নিরাপদ, স্মার্ট ও সুবিধাজনক গৃহস্থালি সমাধান দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও বিশ্বজুড়ে উদ্ভাবিত নতুন প্রযুক্তির সঙ্গে স্থানীয় গ্রাহকদের চাহিদার সমন্বয় করে উন্নত ও ব্যবহারবান্ধব পণ্য বাজারে আনার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।
পাশাপাশি, নির্ভরযোগ্য বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করে গ্রাহকদের স্মার্ট ও স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবনযাপনে সহায়তা করতে চায় হায়ার বাংলাদেশ।