ঢাকামঙ্গলবার , ২৭ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

ক্যান্সার চিকিৎসায় ১৭টি লিনিয়ার অ্যাক্সিলারেটর কিনছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৭ অক্টোবর ২০২৬, ১১:০৫ সকাল

Link Copied!

ব্র্যাক ইউনিভার্সিটিতে মেডিকেল ফিজিক্সে মাস্টার অব সায়েন্স (এমএসসি) প্রোগ্রাম চালু হয়েছে। ক্যান্সারসহ বিভিন্ন রোগের আধুনিক চিকিৎসায় দক্ষ জনবল গড়ে তোলার লক্ষ্যে চালু হওয়া এ প্রোগ্রামের উদ্বোধন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ সময় তিনি জানান, সরকার ১৭টি মেডিকেল লিনিয়ার অ্যাক্সিলারেটর কেনার উদ্যোগ নিয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) ব্র্যাক ইউনিভার্সিটিতে প্রোগ্রামটির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ক্যান্সার চিকিৎসায় মেডিকেল লিনিয়ার অ্যাক্সিলারেটর ব্যবহার করা হয়। এ যন্ত্রের মাধ্যমে উচ্চশক্তির এক্স-রে বা ইলেকট্রন রশ্মি টিউমারে প্রয়োগ করে ক্যান্সার কোষ ধ্বংস করা হয়। একই সঙ্গে আশপাশের সুস্থ টিস্যু যতটা সম্ভব সুরক্ষিত রাখা হয়।

মন্ত্রী আরও বলেন, দেশের আটটি বিভাগে আটটি ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে। উপজেলা হাসপাতালগুলোতে শয্যাসংখ্যা বাড়িয়ে ১৫১ করা হবে। এ ছাড়া প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও সেবা দেওয়ার জন্য প্রতি তিনটি ওয়ার্ডের বিপরীতে একটি করে ‘ফ্যামিলি ওয়েলবিয়িং সেন্টার’ প্রতিষ্ঠা করা হবে।

অনুষ্ঠানে ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক সৈয়দ ফারহাত আনোয়ার বলেন, ব্র্যাক ইউনিভার্সিটি সব সময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। দেশের উন্নয়নে বিশ্ববিদ্যালয়টি সব সময় সরকারের পাশে রয়েছে।

নতুন প্রোগ্রামটির বিস্তারিত তুলে ধরেন এর কো-অর্ডিনেটর ও বিশ্ববিদ্যালয়ের ম্যাথমেটিকস অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেস (এমপিএস) বিভাগের অধ্যাপক হাসিন অনুপমা আজহারী। তিনি বলেন, মেডিকেল ফিজিক্সে রোগ নির্ণয়, চিকিৎসা ও রোগ প্রতিরোধে পদার্থবিজ্ঞান ও প্রকৌশলবিদ্যার নীতিমালা প্রয়োগ করা হয়।

তিনি জানান, দুই বছর মেয়াদি এ প্রোগ্রামে চারটি সেমিস্টারে মোট ৪৮ ক্রেডিট সম্পন্ন করতে হবে। পাঠ্যক্রমে রেডিয়েশন অনকোলজি, ডায়াগনস্টিক ইমেজিং, নিউক্লিয়ার মেডিসিন ও রেডিয়েশন প্রোটেকশনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এর মাধ্যমে উন্নত চিকিৎসা প্রযুক্তির নিরাপদ ও কার্যকর ব্যবহার সম্পর্কে শিক্ষার্থীরা জ্ঞান অর্জন করবেন।

প্রোগ্রামটির পাঠ্যক্রম আন্তর্জাতিক মান অনুসারে সাজানো হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, এতে ডোজিমেট্রি, চিকিৎসা পরিকল্পনা, মেডিকেল ইমেজিং, কোয়ালিটি অ্যাসুরেন্স ও গবেষণায় ক্লিনিক্যাল এবং ল্যাবরেটরিভিত্তিক শিক্ষা দেওয়া হবে। শিক্ষার্থীদের ক্লিনিক্যাল যন্ত্রপাতি ব্যবহারের সুযোগ দেবে স্কয়ার হাসপাতাল লিমিটেড।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী বলেন, ব্রেইন সার্জন হিসেবে তাঁর চিকিৎসাকাজে মেডিকেল ফিজিসিস্টরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। মৃগীরোগের চিকিৎসায় তাঁরা মস্তিষ্কের নির্দিষ্ট অংশ শনাক্ত করতে সহায়তা করতেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ও প্রোগ্রামটির উপদেষ্টা ড. এএফএম ইউসুফ হায়দার বলেন, জার্মানির হাইডেলবার্গ ইউনিভার্সিটি ব্র্যাক ইউনিভার্সিটির সঙ্গে এ প্রোগ্রামে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।

এমপিএস বিভাগের চেয়ারপারসন অধ্যাপক হাসিবুন নাহার বলেন, এ প্রোগ্রামের মাধ্যমে চিকিৎসা পদার্থবিজ্ঞানে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ বাড়বে। একই সঙ্গে এ ক্ষেত্রে দক্ষ পেশাজীবী গড়ে উঠবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক আরশাদ মাহমুদ চৌধুরী, রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড, জার্মানির গুমার্সবাখ ইউনিভার্সিটি হাসপাতালের সাবেক পরিচালক ও প্রধান মেডিকেল ফিজিসিস্ট এবং প্রোগ্রামটির উপদেষ্টা ও কো-অর্ডিনেটর অধ্যাপক ড. গোলাম আবু জাকারিয়া, বাংলাদেশের আটটি বিভাগীয় শহরে সমন্বিত ক্যান্সার, কিডনি ও হৃদরোগ হাসপাতাল প্রকল্পের পরিচালক ড. মো. তৌফিক হাসান ফিরোজ, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ড. মোস্তফা আজিজ সুমন এবং বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ মো. আকরাম হোসেন।

চিকিৎসা পদার্থবিজ্ঞানে এ এমএসসি প্রোগ্রাম চালুর মাধ্যমে ব্র্যাক ইউনিভার্সিটি জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) তিনটি লক্ষ্য-সুস্বাস্থ্য ও কল্যাণ (এসডিজি-৩), মানসম্মত শিক্ষা (এসডিজি-৪) এবং শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো (এসডিজি-৯)-অর্জনে ভূমিকা রাখার প্রত্যাশা করছে।

Facebook Comments Box

আরও পড়ুন

শিক্ষার্থীদের ক্যাশলেস পেমেন্ট সুবিধা দিতে উপায় ও ইংলিশ কার্নিভালের চুক্তি

পঞ্চগড়ে জেঁকে বসছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৫ ডিগ্রি

All Offices of Bangladesh Food Safety Authority Declared 100% Tobacco- and Smoke-Free

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ তামাক ও ধূমপানমুক্ত ঘোষণা

বাংলাদেশে স্বাস্থ্যবীমার আওতায় নেই ৯৮.৪ শতাংশ মা ও শিশু

Child Health Insurance Coverage Remains Critically Low

জিরা ভেজানো পানি পানে মিলতে পারে যেসব উপকার

Mass Media Campaign for Front-Of-Package Warning Labels on Packaged Foods Launched

প্যাকেটজাত খাদ্যের মোড়কের সামনে সতর্কবার্তা বিষয়ক প্রচারণা কর্মসূচির উদ্বোধন

ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী কয়েক দিন বৃষ্টি হতে পারে দেশের বিভিন্ন অঞ্চলে

সুগন্ধা নদীর তীরে বর্জ্যের স্তূপ, দূষণের অভিযোগ দুই পৌরসভার বিরুদ্ধে

নিজের বাসের চাপায় প্রাণ গেল বাসমালিকের