ঢাকাসোমবার , ২৬ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ

কপ-৩১ সামনে রেখে জলবায়ু অর্থায়নে অনুদান দাবি বাংলাদেশের

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৫ অক্টোবর ২০২৬, ১০:৩৫ সকাল

Link Copied!

আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নে ঋণের পরিবর্তে অনুদান নিশ্চিত করা, অভিযোজন ও প্রশমন কার্যক্রমে সমান গুরুত্ব দেওয়া এবং জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত মানুষের অধিকার রক্ষার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আসন্ন জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ-৩১ সামনে রেখে তিনি বলেন, আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় বাংলাদেশের প্রত্যাশা ও প্রাপ্তির ব্যবধান কমাতে সরকার, বেসরকারি খাত, নাগরিক সমাজ ও বিশেষজ্ঞদের সমন্বিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে উন্নত দেশগুলোকে জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ করতে হবে।

শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘জনবান্ধব জলবায়ু নীতি: কপ-৩১ এ বাংলাদেশের অবস্থান’ শীর্ষক জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশে জলবায়ু বিষয়ে কাজ করা ৩৩টি জাতীয় ও আন্তর্জাতিক সংস্থা এবং নাগরিক সমাজের সম্মিলিত উদ্যোগে আয়োজিত সংলাপে বাংলাদেশের জলবায়ুবিষয়ক অবস্থানপত্রের মূল দাবি ও সুপারিশ তুলে ধরা হয়।

প্রতিমন্ত্রী বলেন, প্যারিস জলবায়ু চুক্তির এক দশক পর শুধু অঙ্গীকার নয়, বাস্তবায়নের অগ্রগতিও নিশ্চিত করা জরুরি। বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় অর্থায়ন প্রয়োজন। অভিযোজন ও প্রশমন কার্যক্রমে সমান গুরুত্ব দেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক আলোচনায় স্বচ্ছতা বাড়াতে হবে।

এ লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পরিবেশ ও জলবায়ুবিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে। জলবায়ু নিয়ে কাজ করা তরুণদেরও এ প্রক্রিয়ায় যুক্ত করার আগ্রহ প্রকাশ করেন তিনি।

কপ-৩১-এ বাংলাদেশের পরিবেশবান্ধব পাটজাত পণ্যের সম্ভাবনা তুলে ধরার উদ্যোগের কথাও জানান শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, বিশেষ ‘জুট প্যাভিলিয়নের’ মাধ্যমে এসব পণ্য আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার পরিকল্পনা রয়েছে। এতে পাটের বৈশ্বিক বাজার সম্প্রসারণের পাশাপাশি দেশীয় কৃষকদের জীবনমান উন্নয়নের সুযোগ তৈরি হতে পারে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পরিবেশ অধিদপ্তরের পরিচালক মির্জা শওকত আলী বলেন, শিল্প খাতে নির্গমন কমানোর উদ্যোগ চলছে। আন্তর্জাতিক আলোচনায় বাংলাদেশের দাবি কার্যকরভাবে তুলে ধরতে নির্ভরযোগ্য তথ্য-প্রমাণ ও সুনির্দিষ্ট পরিকল্পনা প্রয়োজন।

জলবায়ু অর্থায়নে প্রয়োজন ১১৬ বিলিয়ন ডলারের বেশি

সংলাপে বাংলাদেশের জলবায়ু পরিকল্পনা বাস্তবায়নে অর্থায়নের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

উপস্থাপিত তথ্য অনুযায়ী, বাংলাদেশের হালনাগাদ জাতীয়ভাবে নির্ধারিত অবদান বা এনডিসি ৩.০ অনুযায়ী, ২০৩৫ সালের মধ্যে গ্রিনহাউস গ্যাস নির্গমন ২০.৩১ শতাংশ বা ৮৪.৯৭ মিলিয়ন টন কার্বন ডাই-অক্সাইড সমতুল্য কমানোর লক্ষ্য রয়েছে।

২০২৬ থেকে ২০৩৫ মেয়াদে এ পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজন ১১৬.১৮ বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে ৯০.২৩ বিলিয়ন ডলার আন্তর্জাতিক সহায়তা থেকে আসতে হবে।

এ ছাড়া জাতীয় অভিযোজন পরিকল্পনায় ২০২৩ থেকে ২০৫০ মেয়াদে ১১৩টি উদ্যোগ বাস্তবায়নে প্রায় ২৩০ বিলিয়ন ডলারের প্রয়োজন চিহ্নিত করা হয়েছে।

সংলাপে সিত্রিইআর-এর রৌফা খানম বৈশ্বিক নির্গমন ও বাংলাদেশের জলবায়ু ঝুঁকি তুলে ধরেন।

সিএপিএসের চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার বর্জ্য ব্যবস্থাপনা, বায়ুদূষণ ও শিল্প খাতে নির্গমন কমানোর ওপর গুরুত্ব দেন। একশনএইড বাংলাদেশের মেহজাবিন মাহফুজ ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা করেন। আবরার জিশান ও হেলেনা সামুদ্রিক সম্পদ ও আন্তর্জাতিক অর্থায়নের বিষয়ে বক্তব্য দেন।

জলবায়ু আলোচনায় তরুণ ও ক্ষতিগ্রস্ত মানুষের অংশগ্রহণের দাবি

সংলাপে তরুণদের পক্ষ থেকে চৌধুরী আবরার জাহিন, সোহাইল বিন সাইফুল্লাহ ও হেলেনা খাতুন জলবায়ু অর্থায়ন, শিক্ষা, কর্মসংস্থান, সামাজিক সুরক্ষা এবং সিদ্ধান্ত গ্রহণে তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করার ছয় দফা দাবি তুলে ধরেন।

আলোচনায় জলবায়ু অর্থায়ন ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছানো, বাস্তুচ্যুত মানুষের পুনর্বাসন এবং নারী, প্রতিবন্ধী ব্যক্তি ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

ঋণমুক্ত অর্থায়নসহ ছয় দফা সুপারিশ

সংলাপে নাগরিক ও সুশীল সমাজের জাতীয় অবস্থানপত্রের ছয়টি মূল দাবি ও সুপারিশ তুলে ধরা হয়।

১. ঋণ নয়, অনুদান: এনডিসি ৩.০ বাস্তবায়নসহ আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন ঋণমুক্ত ও অনুদানভিত্তিক করতে হবে।

২. সম্মিলিত কণ্ঠস্বর: আন্তর্জাতিক আলোচনায় সরকার, নাগরিক সমাজ, তরুণ ও বেসরকারি খাতের সমন্বিত অবস্থান নিশ্চিত করতে হবে।

৩. সবুজ উদ্ভাবন: কপ-৩১-এ পাটের মতো পরিবেশবান্ধব দেশীয় পণ্যের সম্ভাবনা তুলে ধরতে হবে।

৪. শিল্প ও বায়ুদূষণ নিয়ন্ত্রণ: শিল্প খাতে নির্গমন কমানো এবং শ্রমিকদের সুরক্ষাসহ ন্যায্য জ্বালানি রূপান্তর নিশ্চিত করতে হবে।

৫. তরুণ ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ: জলবায়ুবিষয়ক নীতিনির্ধারণ ও জাতীয় প্রতিনিধিদলে নারী, তরুণ ও ক্ষতিগ্রস্ত মানুষের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

৬. নগরাঞ্চলের জলবায়ু সংকট: জলবায়ু অভিবাসীদের নিরাপদ আবাসন, উন্নত বর্জ্য ব্যবস্থাপনা এবং তাপপ্রবাহ মোকাবিলায় প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত করতে হবে।

ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক অর্থায়নের আহ্বান

সংলাপের সমাপনী বক্তব্যে একশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ্ কবির ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়ন নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন।

তিনি বলেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের অন্যতম প্রধান ভুক্তভোগী। তাই আন্তর্জাতিক সম্মেলনগুলোতে ঋণের বোঝা নয়, বরং অনুদানের ভিত্তিতে আর্থিক সহায়তা আদায়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।

স্বাগত বক্তব্যে ন্যাচার কনজার্ভেশন ম্যানেজমেন্টের (ন্যাকম) নির্বাহী পরিচালক ড. এস. এম. মঞ্জুরুল হান্নান খান সমন্বিত পরিকল্পনার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

তিনি বলেন, প্যারিস চুক্তির ১০ বছর পেরিয়ে গেলেও কতটুকু বাস্তবায়ন সম্ভব হয়েছে, তা পর্যালোচনার সময় এসেছে। বাংলাদেশ নিজস্ব এনডিসি বাস্তবায়নে চেষ্টা চালাচ্ছে। তবে জলবায়ু অর্থায়ন, নীল অর্থনীতি, বর্জ্য ব্যবস্থাপনা এবং নগরাঞ্চলের তাপজনিত চাপ মোকাবিলায় পরিষ্কার ও সমন্বিত পরিকল্পনা প্রয়োজন।

আয়োজকদের তথ্য অনুযায়ী, বাংলাদেশের নাগরিক সমাজ, আন্তর্জাতিক এনজিও, একাডেমিক থিঙ্ক ট্যাংক এবং তরুণদের ৩৩টি প্রধান প্ল্যাটফর্মের সমন্বয়ে জাতীয় অবস্থানপত্রটি তৈরি করা হয়েছে। এতে কপ-৩১-এ বাংলাদেশের জলবায়ু অর্থায়ন, অভিযোজন, ন্যায্য জ্বালানি রূপান্তর এবং ক্ষতিগ্রস্ত মানুষের অধিকার নিশ্চিত করার দাবি তুলে ধরা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

জলবায়ু-সহনশীল গ্রামীণ আবাসনের নকশা প্রতিযোগিতা করবে পিকেএসএফ

বিএটিবির ১০৪ শ্রমিককে চাকরিচ্যুতির অভিযোগ, পুনর্বহাল ও স্থায়ীকরণের দাবি

Bangladesh Launches First Mass Media Campaign for Front-of-Package Warning Labels

বাংলাদেশে প্রথমবার অতিপ্রক্রিয়াজাত খাদ্যের মোড়কে সতর্কবার্তা প্রচারে ক্যাম্পেইন শুরু

Ensuring Young People’s Mental Well-being Is Essential for Nation-Building: Chief Whip

দেশ গঠনে তরুণদের মানসিক সুস্থতা নিশ্চিত করতে হবে: চিফ হুইপ

শিশুদের খাদ্যনিরাপত্তা শেখাতে প্রাথমিকে কৃষি শিক্ষার তাগিদ

কপ৩১-এর স্পন্সর কোক হোল্ডিংয়ের বিরুদ্ধে নীতি লঙ্ঘনের অভিযোগ

৫ দশকে বিশ্বজুড়ে বন্যপ্রাণী কমেছে ৭৩ শতাংশ, অস্তিত্ব সংকটে প্রকৃতি

New Cicada Species Discovered; Climate Change May Shift Its Habitat

বিমানবন্দরের আদলে মেট্রোরেল স্টেশনে বসছে নিরাপত্তা সরঞ্জাম

খাদ্য নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা চায় বাংলাদেশ