
মশাবাহিত রোগের ঝুঁকি কমাতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মশক নিয়ন্ত্রণ কার্যক্রম আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন সংস্থাটির প্রশাসক মো. আবদুস সালাম।
সোমবার (৭ সেপ্টেম্বর) নগর ভবনের অডিটোরিয়ামে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার নিয়ে এক পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশনা দেন।
প্রশাসক বলেন, শুধু কীটনাশক ছিটিয়ে মশা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। মশার প্রজননস্থল ধ্বংস, নিয়মিত লার্ভিসাইডিং ও ফগিংয়ের পাশাপাশি পরিচ্ছন্নতা অভিযান এবং নাগরিকদের সম্পৃক্ত করতে হবে।
তিনি জানান, সম্প্রতি ডিএসসিসির এক জরিপে প্রায় ৬০ শতাংশ বাসাবাড়িতে মশার লার্ভা পাওয়া গেছে, যা উদ্বেগজনক। তাই নাগরিকদের সচেতন করে মশক নিয়ন্ত্রণ কার্যক্রমে সরাসরি সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেন তিনি।
বৃষ্টির পর বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব ও পরিত্যক্ত পাত্রে জমে থাকা পানি দ্রুত অপসারণের আহ্বান জানান প্রশাসক। একই সঙ্গে মাঠপর্যায়ের কার্যক্রম তদারকি এবং সংশ্লিষ্ট বিভাগগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর নির্দেশ দেন তিনি।
এদিকে একই দিন ডিএসসিসির ৩৩ নম্বর ওয়ার্ডে ‘মাজেদ সরদার বিপণী বিতান’-এর নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রশাসক মো. আবদুস সালাম।
৩ হাজার ৪৭৪ দশমিক ৩৩ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন সাততলা বিপণী বিতানটির আয়তন ৪৫ হাজার ৪৭৫ বর্গফুট। এতে ২৩৫টি দোকান থাকবে। প্রকল্পটির নির্মাণকাজ ২০২৮ সালের জুনে শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।