
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলে বৃষ্টি কিছুটা বাড়তে পারে। তবে এই লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা কম বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
লঘুচাপের প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদফতর জানায়, লঘুচাপের প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সোমবার বিশেষ করে উপকূলীয় অঞ্চলে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। রাজধানীতেও দুপুর থেকে বিকেলের মধ্যে হালকা বৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদেরা বলছেন, চলতি মাসে এর আগে দুই দফায় নিম্নচাপ সৃষ্টি হলেও তাতে উল্লেখযোগ্য বৃষ্টি হয়নি। এবারের লঘুচাপের প্রভাবেও দেশে তেমন বড় ধরনের বৃষ্টির সম্ভাবনা নেই। তবে উপকূলীয় এলাকায় বৃষ্টি কিছুটা বাড়লে সাময়িক স্বস্তি মিলতে পারে।
আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, এবারের লঘুচাপটি বাংলাদেশে তেমন কোনো প্রভাব সৃষ্টি করবে না। চলতি সপ্তাহে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হলেও টানা বৃষ্টির সম্ভাবনা কম। তবে আগামী রোববার বৃষ্টি বাড়তে পারে।
তিনি আরও বলেন, আজ সোমবার দুপুর বা বিকেলের দিকে রাজধানীতে বৃষ্টি হতে পারে। তবে সেই বৃষ্টির পরিমাণ বেশি হওয়ার সম্ভাবনা নেই। আগামী রোববারের দুই দিন পর আবারও একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে।