
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর বিভাগটিতে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৪০ জনে। একই সময়ে সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে নতুন করে ১৩১ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয়ের দৈনিক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, মারা যাওয়া শিশুটির বয়স ৮ মাস। সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শিশুটির বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায়।
গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে কোনো নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়নি। তবে সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে ১৩১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ৩৪৭ জন সন্দেহজনক হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে মোট ৯৮৮ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ৩২০ জন, হবিগঞ্জে ১৫৩ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে সর্বোচ্চ ৩৫৭ জন রোগী শনাক্ত হয়েছেন।
জেলাভিত্তিক হিসাবে সন্দেহজনক হামের উপসর্গে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সুনামগঞ্জে। সেখানে মারা গেছেন ৫৪ জন। এরপর সিলেটে ৫০ জন, হবিগঞ্জে ১৪ জন এবং মৌলভীবাজারে ১২ জনের মৃত্যু হয়েছে।
এ ছাড়া নিশ্চিত হাম রোগে চার জেলায় মোট ১০ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সব মিলিয়ে চলতি বছর সিলেট বিভাগে হাম ও এর উপসর্গে মৃতের সংখ্যা ১৪০ জনে পৌঁছেছে।