
মিসরের পূর্বাঞ্চলে সুয়েজ শহরের কাছে ৫ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার (৩ আগস্ট) ভোরে অনুভূত এ কম্পনের পর দেশজুড়ে জরুরি সাড়া দেওয়ার পরিকল্পনা চালু করেছে কর্তৃপক্ষ। তবে তাৎক্ষণিকভাবে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
বার্তা সংস্থা এএফপি জানায়, ভূমিকম্পের কম্পন রাজধানী কায়রোসহ বিস্তীর্ণ এলাকায় অনুভূত হয়। গাজা সীমান্তসংলগ্ন এল-আরিশ শহর পর্যন্ত কম্পন পৌঁছায়। কায়রোতে অবস্থানরত এএফপির সাংবাদিকরাও কম্পন অনুভব করেছেন।
মিসরের ন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোনমি অ্যান্ড জিওফিজিকস জানায়, স্থানীয় সময় রাত ৩টার দিকে সুয়েজ শহরের প্রায় ৪০ কিলোমিটার উত্তরে ভূমিকম্পটি আঘাত হানে। প্রথমে এর মাত্রা ৫ দশমিক ২ বলা হলেও পরে তা সংশোধন করে ৫ দশমিক ৫ নির্ধারণ করা হয়।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ০ বলে জানিয়েছে।
ভূমিকম্পের পর স্বাস্থ্যমন্ত্রী খালেদ আবদেল গাফ্ফার জরুরি সাড়া দেওয়ার পরিকল্পনা সক্রিয় করার নির্দেশ দেন। একই সঙ্গে দেশের অ্যাম্বুলেন্স সেবাকে সর্বোচ্চ প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়।
স্বাস্থ্য মন্ত্রণালয় ও মিসরীয় রেড ক্রিসেন্ট জানিয়েছে, এখন পর্যন্ত কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পুরোনো ও জরাজীর্ণ ভবন থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে মিসরীয় রেড ক্রিসেন্ট।
উল্লেখ্য, উত্তর-পূর্ব আফ্রিকার দেশ মিসরে বড় ধরনের ভূমিকম্প তুলনামূলকভাবে বিরল। দেশটির আধুনিক ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পটি ১৯৯২ সালের অক্টোবরে আঘাত হানে। ৫ দশমিক ৮ মাত্রার ওই ভূমিকম্পে ৫০০ জনের বেশি মানুষ নিহত হন এবং হাজারো মানুষ বাস্তুচ্যুত হন।