ঢাকাবৃহস্পতিবার , ১৬ জুলাই ২০২৬
  1. সর্বশেষ

বিশ্বকাপ ঘিরে সরকারি মাঠে তামাক নিয়ন্ত্রণ আইনের লঙ্ঘন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৬ জুলাই ২০২৬, ৫:৩৫ বিকাল

Link Copied!

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ঢাকার বনানীর কামাল আতাতুর্ক পার্কসহ দেশের বিভিন্ন স্থানে তামাক কোম্পানির বিজ্ঞাপন, প্রচারণা ও পৃষ্ঠপোষকতার মাধ্যমে তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ তামাক বিরোধী জোট।

বৃহস্পতিবার (১৬ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ তামাক বিরোধী জোট এসব অভিযোগ তুলে ধরে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার বনানী এলাকার ২৭ নম্বর সড়কে অবস্থানরত , “কামাল আতাতুর্ক পার্ক” একটি আধুনিক পার্ক ও উন্মুক্ত খেলার মাঠ। এটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্তৃক (DNCC) পরিচালিত। নগরকেন্দ্রীক সীমিত জনপরিসরের বাস্তবতায় পার্কটি নগরবাসীর খেলাধুলা, ব্যায়াম, হাঁটা ও বিনোদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বস্ত সূত্রে জানা যায়, উক্ত মাঠে আবুল খায়ের টোবাকো কোম্পানি লিঃ এর উদ্যোগে কনসার্ট ও বিশ্বকাপ খেলার প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। যা তামাক নিয়ন্ত্রণ আইনের সুস্পষ্ট লঙ্ঘন। একই সাথে মাঠ বা পার্ক বাণিজ্যিকভাবে ইজারা দেওয়া হলে তা জনসাধারণের ব্যবহারকে বাধাগ্রস্ত করে, খেলার সুযোগ নষ্ট করে, সামাজিকীকরণ বাধাঁগ্রস্ত হয় এবং পরিবেশেরও ক্ষতি করে।

বর্তমান সরকার এ বছরই “ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫”সংশোধনের মাধ্যমে আরও শক্তিশালী করেছে। জনস্বাস্থ্য সুরক্ষা ও তামাক কোম্পানির আগ্রাসী বিজ্ঞাপন বন্ধে সংশোধিত আইনে সব ধরনের তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন ও প্রচারণা নিষিদ্ধের ক্ষেত্রে আরো কঠোরতা আরোপ করা হয়েছে। সংশোধিত আইনের ধারা ৫(গ) তে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন, প্রচারণা ও পৃষ্ঠপোষকতা নিয়ন্ত্রণ করা হয়েছে। উক্ত ধারা অনুযায়ী, তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন বা প্রচারণা কিংবা তামাকজাত দ্রব্যের ব্যবহার উৎসাহিত করার উদ্দেশ্যে কোনো দান, পুরস্কার, বৃত্তি প্রদান বা কোনো অনুষ্ঠানের ব্যয়ভার (Sponsor) বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ। একইসঙ্গে, অন্য কোনো আইনে যা-ই থাকুক না কেন, সামাজিক দায়বদ্ধতা কর্মসূচি (Corporate Social Responsibility-CSR)-এর নামে কোনো তামাক বা তামাকজাত দ্রব্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম, সাইন, ট্রেডমার্ক বা প্রতীক ব্যবহার করা যাবে না। এছাড়া কোনো বাণিজ্যিক গোষ্ঠী বা প্রতিষ্ঠানের নামে কোনো অনুষ্ঠান বা কর্মসূচিতে সহায়তা প্রদানও নিষিদ্ধ করা হয়েছে।

কিন্তু আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, সরকার তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সচেষ্ট থাকলেও তামাক কোম্পানিগুলো বিভিন্ন কৌশলে আইন লঙ্ঘন করে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন ও প্রচারণা চালিয়ে যাচ্ছে । যা প্রত্যক্ষভাবে তরুণদের তামাকজাত দ্রব্য ব্যবহারে উদ্বুদ্ধ করছে। তামাক কোম্পানিগুলোর এ ধরনের কার্যক্রম রাষ্ট্র ও আইনের প্রতি চরম অবমাননাকর এবং সরকারের তামাক নিয়ন্ত্রণ আইন প্রণয়নের উদ্দেশ্যকে মারাত্মকভাবে ব্যাহত করছে।

প্রতি চার বছর পর পর বিশ্বকাপ ফুটবল নিয়ে মানুষের মধ্যে এক ধরনের আগ্রহ কাজ করে। বিশেষ করে বিশ্বকাপ ফুটবলের এই ইমেজ এবং তরুণদের এই আগ্রহ কে কাজে লাগিয়ে সম্প্রতি আবুল খায়ের টোব্যাকো কোম্পানি জগন্নাথ বিশ্ববিদ্যালয় হল, কামাল আতাতুর্ক পার্কসহ বিভিন্ন স্থানে খেলা প্রদর্শনের নামে আইন লঙ্ঘন করে অবাধে তামাকের বিজ্ঞাপন প্রদর্শন করছে এবং অবাধে তামাক পণ্য বিক্রয় করছে। বনানীর কামাল আতাতুর্ক পার্কে আবুল খায়ের গ্রুপের একাধিক বাণিজ্যিক প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতায় মেলা, কনসার্ট এবং বিশ্বকাপ খেলা প্রদর্শনের আয়োজন করা হয়েছে। উক্ত আয়োজনকে কেন্দ্র করে বিশাল পরিসরে স্টল স্থাপন করে তামাকজাত পণ্য (সিগারেট)-এর নাম, লোগো, ট্রেডমার্ক ও অন্যান্য ব্র্যান্ডিং প্রদর্শন এবং প্রচারণা চালানো হচ্ছে। এটি তামাক নিয়ন্ত্রণ আইনের সুস্পষ্ট লঙ্ঘন। অথচ সংশোধিত আইনে তরুণদের তামাক ব্যবহারে নিরুৎসাহিত করার জন্য ধারা ৬ (খ) তে খেলার মাঠ, স্বাস্থ্য কেন্দ্র এবং শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটারে মধ্যে তামাক পণ্য বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে।

বাংলাদেশ তামাক বিরোধী জোট অবিলম্বে জগন্নাথ হল, বনানীর কামাল আতাতুর্ক পার্কসহ দেশের বিভিন্ন স্থানে তামাকের আগ্রাসী বিজ্ঞাপন, প্রচারণা ও পৃষ্ঠপোষকতার বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছে। ইতোমধ্যে জোট এর পক্ষ থেকে বিষয়টি কর্তৃপক্ষের নজরে এনে পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানিয়ে চিঠি প্রেরণ করেছে।

Facebook Comments Box

আরও পড়ুন

পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্স-বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৩

দেশজুড়ে আগামী পাঁচ দিন বৃষ্টি ও ভারী বর্ষণের আভাস

সেপ্টেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আরও ৫ মেগাওয়াট রুফটপ সৌরবিদ্যুৎ

বিশ্বকাপ সেমিফাইনাল দেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত দুই সাংবাদিক

অমাবস্যার প্রভাবে বরিশাল বিভাগের ৮ নদীর পানি বিপৎসীমার ওপরে

দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

যে ভিটামিনের অভাবে পেট ভরা থাকলেও বারবার ক্ষুধা লাগে

Donate for flood victims thru’ Nagad

নগদের মাধ্যমে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান, নেই কোনো চার্জ

বন্যায় ক্ষতিগ্রস্ত ৫৫ হাজার মানুষের পাশে যুক্তরাজ্য

বন্যায় ১০ জেলায় মানবিক বিপর্যয়, ক্ষতিগ্রস্ত ১১ লক্ষাধিক মানুষ

টিকাদানে আসছে ডিজিটাল ইন্টারঅপারেবল ডাটা প্ল্যাটফর্ম