
টানা কয়েক দিনের ভারী বৃষ্টির পর সাময়িক স্বস্তির বার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। সংস্থাটি জানিয়েছে, আগামী তিন দিন দেশে ভারী বর্ষণের সম্ভাবনা নেই। তবে শুক্রবারের পর বৃষ্টিপাতের প্রবণতা আবারও বাড়তে পারে। একই সঙ্গে চলতি মাসের শেষদিকে বঙ্গোপসাগরে একটি নতুন লঘুচাপ সৃষ্টি হওয়ার আশঙ্কার কথাও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
মঙ্গলবার (১৪ জুলাই) আগামী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানান আবহাওয়াবিদ মো. তরিকুল নেওয়াজ কবির।
এদিকে পৃথক এক সতর্কবার্তায় আবহাওয়া অধিদফতর জানিয়েছে, মঙ্গলবার দুপুর ১টার মধ্যে ঢাকাসহ দেশের ১৯ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
সতর্কবার্তায় রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
উল্লেখ্য, বছরের তৃতীয় বৃষ্টিবলয় ‘ধারা’র প্রভাবে গত কয়েক দিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হয়েছে। এতে পার্বত্য চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় বন্যা ও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
এদিকে বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বন্যার পানি, পাহাড়ধস ও দেয়াল ধসের ঘটনায় ইতোমধ্যে সারাদেশে ৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া পানিবন্দি হয়ে পড়েছেন হাজারো মানুষ।