
রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় আগামী কয়েক ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর। তবে বৃষ্টির আভাস থাকলেও তাপমাত্রা ও আর্দ্রতার কারণে ভ্যাপসা গরমের অনুভূতি অব্যাহত থাকতে পারে।
মঙ্গলবার (২৩ জুন) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। একইসঙ্গে বজ্রসহ বৃষ্টি অথবা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। উচ্চ আর্দ্রতার কারণে গরমের অনুভূতিও বেশি থাকতে পারে।
সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯২ শতাংশ। এদিন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, সোমবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তবে গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি।
এদিকে আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৯ মিনিটে। বুধবার সূর্যোদয় হবে ভোর ৫টা ১২ মিনিটে।