
দেশে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর বিস্তার আরও জোরালো হচ্ছে। বর্তমানে মৌসুমি বায়ু বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে এবং আগামী দুই থেকে তিন দিনের মধ্যে এটি দেশের বাকি অংশেও ছড়িয়ে পড়ার অনুকূল পরিস্থিতি রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
বৃহস্পতিবার (১১ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। এদিন দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
শুক্রবার (১২ জুন) রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এদিন দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শনিবার (১৩ জুন) রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, বরিশাল ও খুলনা বিভাগের কিছু এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। সেই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
রোববার (১৪ জুন) এবং সোমবার (১৫ জুন) দেশের আট বিভাগেই অনেক স্থানে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এবং তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাস অনুযায়ী দেশে বৃষ্টিপাতের প্রবণতা আরও বৃদ্ধি পেতে পারে। ফলে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও ভারী বর্ষণজনিত দুর্ভোগের আশঙ্কা রয়েছে।