
দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (২ জুন) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস। নতুন দাম মঙ্গলবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় এর প্রভাব দেশের বাজারেও পড়েছে। ফলে স্বর্ণের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ২১২ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ১ লাখ ৯২ হাজার ১৭২ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৫১০ টাকা।
এর আগে গত ২৫ মে স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস। সে সময় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা বৃদ্ধি করে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা নির্ধারণ করা হয়েছিল।
বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ৭০ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৭ দফা দাম বাড়ানো হয়েছে এবং ৩৩ দফা কমানো হয়েছে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামার কারণে দেশের বাজারেও স্বর্ণের দামে ঘন ঘন পরিবর্তন দেখা যাচ্ছে।