ঢাকাশনিবার , ১৮ এপ্রিল ২০২৬
  • অন্যান্য

হরমুজ প্রণালী ফের বন্ধের ঘোষণা দিল ইরান

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ১৮, ২০২৬ ২:৫৯ অপরাহ্ণ । ১৬ জন

পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী ফের নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত থাকার অভিযোগ তুলে দেশটির রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এ ঘোষণা দেয়।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে আইআরজিসির যৌথ সামরিক কমান্ড এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে অবরোধ অব্যাহত রাখায় হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ “আগের অবস্থায় ফিরে গেছে” এবং এখন এটি সশস্ত্র বাহিনীর কঠোর তত্ত্বাবধানে রয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি জানায়, আইআরজিসির মতে যুক্তরাষ্ট্র অবরোধের নামে “জলদস্যুতা ও সামুদ্রিক চুরি” চালিয়ে যাচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, যতদিন না যুক্তরাষ্ট্র ইরানি জাহাজগুলোর স্বাভাবিক চলাচলের পূর্ণ স্বাধীনতা ফিরিয়ে দিচ্ছে, ততদিন হরমুজ প্রণালী কঠোর নিয়ন্ত্রণে থাকবে।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সতর্ক করে বলেন, অবরোধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালী উন্মুক্ত থাকবে না এবং এই জলপথে জাহাজ চলাচল ইরানের অনুমোদনের ওপর নির্ভর করবে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুট হিসেবে পরিচিত হরমুজ প্রণালী ঘিরে এই উত্তেজনা নতুন করে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতার আশঙ্কা তৈরি করেছে।