ঢাকাসোমবার , ৬ এপ্রিল ২০২৬
  • অন্যান্য

হবিগঞ্জে হাওরে পানি ঢুকে ২,২০০ বিঘা বোরো ধান তলিয়ে গেছে, আরও ক্ষতির শঙ্কা

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ৬, ২০২৬ ৪:৫১ অপরাহ্ণ । ২১ জন

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় নদীর পানি ঢুকে প্রায় ২ হাজার ২০০ বিঘা বোরো ধানের জমি তলিয়ে গেছে। এতে কৃষকদের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে।

রোববার (৫ এপ্রিল) রাত ৮টা পর্যন্ত উপজেলার সুজাতপুর ইউনিয়নের রত্না নদীর পানি উগলী হাওরে প্রবেশ করলে এসব জমি তলিয়ে যায়। একইভাবে বাতাসর ও বালি হাওরেও পানি ঢুকেছে, যেখানে আরও প্রায় ৭ হাজার বিঘা জমির ধান তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

সুজাতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদিকুর রহমান জানান, গত এক সপ্তাহ ধরে বাঁধ উপচে উগলী, বাতাসর ও বালি হাওরে পানি প্রবেশ করছে। এরই মধ্যে উগলী হাওরের কয়েকশ কৃষকের ২ হাজার ২০০ বিঘা জমির ধান তলিয়ে গেছে। পানি বাড়তে থাকলে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।

ক্ষতিগ্রস্তদের মধ্যে বর্গাচাষি সিজিল মিয়ার ৩০ বিঘা, উজ্জ্বল মিয়ার ৩৫ বিঘা, সাজিদ মিয়ার ১০ বিঘা, আকল মিয়ার ১২০ বিঘা, আদম আলীর ১০ বিঘা এবং আউয়াল মিয়ার ৫ বিঘা জমি রয়েছে।

কৃষকরা জানান, ধানের শীষ বের হওয়ার গুরুত্বপূর্ণ সময়ে জমি তলিয়ে যাওয়ায় ফসল ঘরে তোলার কোনো সম্ভাবনা নেই। এতে তারা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

এ বিষয়ে বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম সাথী বলেন, ধান তলিয়ে যাওয়ার বিষয়ে এখনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পানি বৃদ্ধি অব্যাহত থাকলে হাওর এলাকার আরও বিস্তীর্ণ ফসলি জমি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।