ঢাকাশনিবার , ৭ মার্চ ২০২৬
  • অন্যান্য

ভারতে তেল পাচার রোধে সীমান্তে কঠোর নজরদারি, চেকপোস্ট বসাল বিজিবি

নিজস্ব প্রতিবেদক
মার্চ ৭, ২০২৬ ১:৪৮ অপরাহ্ণ । ২৩ জন

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে দেশের অস্থিতিশীল বাজার থেকে ভারতে তেল পাচার রোধে সীমান্তে কঠোর নজরদারি শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর অংশ হিসেবে ভারত থেকে আসা পণ্যবাহী ট্রাকের তেলের ট্যাংক পরিমাপের পরই বাংলাদেশে প্রবেশের অনুমতি দেয়া হচ্ছে।

শনিবার (৭ মার্চ) সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলার সোনামসজিদ স্থলবন্দর-এর শূন্যরেখায় চেকপোস্ট বসিয়ে এই পরীক্ষা কার্যক্রম শুরু করেছে ৫৯ বিজিবি ব্যাটালিয়ন। এদিন দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চেকপোস্টে প্রতিটি গাড়ির তেলের ট্যাংকে কত পরিমাণ তেল আছে তা যাচাই করে বাংলাদেশে প্রবেশ করানো হচ্ছে। একইভাবে ভারতে ফেরার পথে ওই ট্যাংক পুনরায় পরীক্ষা করা হচ্ছে।

৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, ভারতে তেল পাচার রোধে সীমান্তে এই বিশেষ চেকপোস্ট বসানো হয়েছে। তেলের ট্যাংক ছাড়াও পুরো গাড়ি তল্লাশি করা হচ্ছে। পাশাপাশি সীমান্তে নজরদারি আরও কঠোর করা হয়েছে।

চাহিদা ও নিরাপত্তা পরিস্থিতি অনুযায়ী বিজিবি আশঙ্কা করছে, এই পদক্ষেপ দেশের তেল বাজারে অবৈধ প্রবাহ নিয়ন্ত্রণে সহায়ক হবে।