ঢাকাবুধবার , ৪ মার্চ ২০২৬
  • অন্যান্য

ইউএস-বাংলা এয়ারলাইন্স-এর বিশেষ উদ্যোগ

আটকে পড়া প্রবাসীদের ফেরাতে ঢাকা–দুবাই রুটে দু’টি বিশেষ ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক
মার্চ ৪, ২০২৬ ১০:০৮ পূর্বাহ্ণ । ৫১ জন

মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া প্রবাসী বাংলাদেশীদের দেশে ফিরিয়ে আনতে বিশেষ উদ্যোগ নিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। মানবিক বিবেচনায় ঢাকা–দুবাই–ঢাকা রুটে দু’টি বিশেষ ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে বেসরকারি এই বিমান সংস্থাটি।

এয়ারলাইন সূত্র জানায়, ৪ মার্চ (বুধবার) প্রথম বিশেষ ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে দুবাইয়ের উদ্দেশ্যে উড্ডয়ন করবে। একই ফ্লাইট দুবাই থেকে স্থানীয় সময় রাত ১২টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে।

এছাড়া ৫ মার্চ (বৃহস্পতিবার) দ্বিতীয় বিশেষ ফ্লাইটটি বিকাল ৫টা ১৫ মিনিটে ঢাকা থেকে দুবাইয়ের উদ্দেশ্যে যাত্রা করবে। দুবাই থেকে ফ্লাইটটি স্থানীয় সময় রাত ১০টায় ঢাকার পথে উড্ডয়ন করবে।

দুটি বিশেষ ফ্লাইট পরিচালনায় ব্যবহার করা হবে ৪৩৬ আসনবিশিষ্ট এয়ারবাস এ৩৩০-৩০০ উড়োজাহাজ। ঢাকা–দুবাই রুটের ফ্লাইট নম্বর বিএস-৩৪১ এবং দুবাই–ঢাকা রুটের ফ্লাইট নম্বর বিএস-৩৪২ নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, সার্বিক পরিস্থিতি বিবেচনায় দুবাই এয়ারপোর্ট কর্তৃপক্ষ ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাড়াও Emirates ও Air India-সহ কয়েকটি এয়ারলাইন্সকে বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে।

এয়ারলাইন কর্তৃপক্ষ জানিয়েছে, যেসব বাংলাদেশী যাত্রীর ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে অথবা অচিরেই শেষ হতে যাচ্ছে, তাদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্রমণের সুযোগ দেওয়া হবে।

টিকিট সংক্রান্ত তথ্যের জন্য বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতে ইউএস-বাংলার সেলস সেন্টার অথবা নিকটস্থ ট্রাভেল এজেন্সিতে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

যোগাযোগ:
হটলাইন: ১৩৬০৫
মোবাইল: ০১৭৭৭৭৭৭৮০০–৮০৬

প্রবাসীদের নিরাপদ প্রত্যাবর্তনে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।