ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে গাজীপুর জেলার সব ভোটকেন্দ্রকে ধূমপানমুক্ত এলাকা হিসেবে ঘোষণা করেছে জেলা প্রশাসন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) জেলা ম্যাজিস্ট্রেট ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনের দিন গাজীপুর জেলার পাঁচটি সংসদীয় আসনের সব ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলাকালে ধূমপান সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। নির্বাচন কমিশন সচিবালয়ের নির্দেশনার আলোকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
জেলা প্রশাসন জানায়, ভোটার, নির্বাচন কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জন্য স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতেই ভোটকেন্দ্রগুলোকে ধূমপানমুক্ত ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, গাজীপুর জেলায় মোট ভোটকেন্দ্র রয়েছে ৯৩৫টি। এর মধ্যে মোট ভোটকক্ষ ৫ হাজার ১৭৩টি এবং অস্থায়ী ভোটকক্ষ ৩৭৩টি।


