ঢাকারবিবার , ১ ফেব্রুয়ারি ২০২৬
  • অন্যান্য

আজকের সর্বশেষ সবখবর

সড়ক দুর্ঘটনায় লাগাম টানতে কঠোর হচ্ছে সরকার

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১, ২০২৬ ১২:২৯ অপরাহ্ণ । ৯২ জন

সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা ও দুর্ঘটনা কমাতে চালকদের জন্য ড্রাইভিং লাইসেন্স পেতে বাধ্যতামূলক ৬০ ঘণ্টার প্রশিক্ষণ চালুর ঘোষণা দিয়েছে সরকার। নতুন বিধিমালার আওতায় এই প্রশিক্ষণে গাড়ি চালানোর দক্ষতার পাশাপাশি শারীরিক সক্ষমতা, দৃষ্টিশক্তি ও স্বাস্থ্য পরীক্ষা শেষে যোগ্য চালকদের লাইসেন্স দেওয়া হবে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) ঢাকার তেজগাঁওয়ে বিআরটিসির প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প (৩য় সংশোধিত)’–এর আওতায় পেশাজীবী পরিবহন চালক ও শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘোষণা দেন সড়ক পরিবহন ও সেতু, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

প্রধান অতিথির বক্তব্যে সড়ক উপদেষ্টা বলেন, সড়ক দুর্ঘটনায় মানুষের মৃত্যু তার জন্য সবচেয়ে বড় গ্লানি। প্রতিবছর দুর্ঘটনা বাড়লেও তা কমাতে কার্যকর উদ্যোগ বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, কমিটির মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স প্রদানের বর্তমান পদ্ধতি পৃথিবীর সবচেয়ে উদ্ভট নিয়মগুলোর একটি। এ ব্যবস্থা পরিবর্তন করতেই বাধ্যতামূলক ৬০ ঘণ্টার প্রশিক্ষণ চালু করা হচ্ছে।

তিনি আরও বলেন, এই উদ্যোগের মূল লক্ষ্য মানুষের জীবন রক্ষা, সড়কে মৃত্যুর হার কমানো, শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং শব্দ ও বায়ুদূষণ কমিয়ে ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করা। সরকারি কর্মকর্তাদের জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালনের আহ্বানও জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, দেশের ৫৪ বছরের বাস্তবতায় কার্যকর উদ্যোগ খুব কমই নেওয়া হয়েছে। এই প্রশিক্ষণ কার্যক্রম একটি বাস্তবভিত্তিক ও অংশীদারিত্বমূলক উদ্যোগ, যা চালকরা এর গুরুত্ব বুঝলেই সফল হবে। তিনি বলেন, হর্ন ব্যবহারে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন চালকরাই। শব্দদূষণ বিধিমালার আওতায় ট্রাফিক পুলিশকে জরিমানার ক্ষমতা দেওয়া হয়েছে, যাতে রাস্তায় থেকেই শব্দদূষণ নিয়ন্ত্রণ সম্ভব হয়।

বায়ুদূষণ প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে বাংলাদেশ বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে। বিশেষ করে বিআরটিসির কিছু বাস থেকে কালো ধোঁয়া নির্গমন অগ্রহণযোগ্য। কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে বিআরটিএ ও বিআরটিসির প্রতি আহ্বান জানান তিনি।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন বলেন, একটি দেশের উন্নয়নে পরিবহন খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও বাংলাদেশে দীর্ঘদিন ধরে এ খাতে বিশৃঙ্খলা বিরাজ করছে। চালকদের ৬০ ঘণ্টার প্রশিক্ষণে কখন হর্ন ব্যবহার করতে হবে, কীভাবে লেন পরিবর্তন করতে হবে এবং ট্রাফিক সংকেত মানতে হবে-এসব বিষয়ে বাস্তবভিত্তিক শিক্ষা দেওয়া হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ। অনুষ্ঠানে সরকারি-বেসরকারি কর্মকর্তাসহ পরিবহন মালিক-শ্রমিক সংগঠন, সুশীল সমাজ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।