ঢাকাশুক্রবার , ১২ ডিসেম্বর ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

বন্ধ নয়, স্বাভাবিকভাবেই চলবে মেট্রোরেল

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ১২, ২০২৫ ১:০৭ অপরাহ্ণ । ১৮০ জন

স্বতন্ত্র চাকরি-বিধিমালা প্রণয়ন ও প্রকাশের দাবিতে আজ শুক্রবার (১২ ডিসেম্বর) থেকে সর্বাত্মক কর্মবিরতি পালনের ঘোষণা দেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) নিয়মিত কর্মকর্তা-কর্মচারীরা। এতে আশঙ্কা তৈরি হয়েছিল যে, মেট্রোরেলের সব যাত্রীসেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যেতে পারে। এতে রাজধানীর হাজারো যাত্রীকে পড়তে হতো চরম দুর্ভোগে।

তবে শেষ মুহূর্তে স্বস্তির খবর দিয়েছে ডিএমটিসিএল। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে প্রতিষ্ঠানটির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেয়া এক পোস্টে জানানো হয়, মেট্রোরেল শুক্রবার থেকে নির্ধারিত সময়সূচি অনুযায়ীই চলবে। যাত্রীসেবাতেও কোনো বাধা আসবে না, চলবে আগের মতোই।

ফেসবুক পোস্টে বলা হয়, “মেট্রোরেলের সম্মানিত যাত্রীসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মেট্রোরেল নির্ধারিত সময়সূচী অনুযায়ী চলাচল করবে।” এতে কর্মবিরতিজনিত কোনো সংকটের আশঙ্কা আপাতত কাটল।

এর আগে বুধবার ডিএমটিসিএল-এর নিয়মিত কর্মকর্তা-কর্মচারীরা এক বিজ্ঞপ্তিতে শুক্রবার থেকে সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দিয়েছিলেন। তবে আলোচনার মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ায় রাজধানীর সবচেয়ে গুরুত্বপূর্ণ গণপরিবহন সেবা মেট্রোরেল বন্ধ হওয়ার শঙ্কা আর রইল না।