
দেশে নতুন নেশা পণ্য উৎপাদন কারখানা স্থাপনের অনুমোদন দেওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ তামাক বিরোধী জোট (Bangladesh Anti Tobacco Alliance)। তারা জানিয়েছে, এই পদক্ষেপ দেশের তরুণ প্রজন্মের জন্য বড় হুমকি।
সংগঠনের মতে, একটি সিগারেটে সাধারণত ১-২ মিলিগ্রাম নিকোটিন থাকে, কিন্তু নিকোটিন পাউচে ২-১২ মিলিগ্রাম নিকোটিন থাকে, যা সাধারণ সিগারেটের তুলনায় ছয় গুণ বেশি। এই পাউচ মুখের নিচে ব্যবহার করে নেশা করা হয়।
সংগঠন আরও বলেছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় নাগরিকদের ধূমপান থেকে বিরত রাখতে কাজ করছে। সরকারের ৩৫টি মন্ত্রণালয় অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে একমত হয়েছে এবং আপীল বিভাগ নতুন তামাকজাতীয় দ্রব্য অনুমোদন না দেয়ার নির্দেশনা দিয়েছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটির নিকোটিন পাউচ উৎপাদনের অনুমোদন দেশের তরুণদের স্বাস্থ্যকে ঝুঁকিতে ফেলেছে।
বাংলাদেশ তামাক বিরোধী জোট ফেসবুকে জানিয়েছে, “যদি আগামী দিনে শিশু-কিশোররা নিকোটিন পাউচে আসক্ত হয়, তার দায়-দায়িত্ব পুরোপুরি বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটির উপর পড়বে। সংবিধান ও দায়িত্ব অমান্য করে এই পদক্ষেপ দেশের তরুণ সমাজকে নতুন নেশার দিকে আকৃষ্ট করবে।”