ঢাকাবৃহস্পতিবার , ২৮ আগস্ট ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

গৌরনদীতে রাজস্ব ফাঁকি, জব্দ নকল বিড়ি-সিগারেট

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৮, ২০২৫ ১২:২৫ অপরাহ্ণ । ২৫৯ জন

বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোলযুক্ত সিগারেট ও বিড়ি জব্দ করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ। বুধবার (২৭ আগস্ট) বিকেলে কাস্টমসের একটি বিশেষ দল টরকী বন্দরের হিরা লাল বণিক, তমাল স্টোর, বিসমিল্লাহ স্টোরসহ কয়েকটি দোকানে এ অভিযান পরিচালনা করে।

কাস্টমস সূত্র জানায়, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র সরকারের মোটা অংকের রাজস্ব ফাঁকি দিয়ে জাল ব্যান্ডরোল ব্যবহার করে অবৈধ সিগারেট ও বিড়ি বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে হিরা লাল বণিকের দোকানের দোতলায় টিনের চালের কার্নিশে লুকানো অবস্থায় বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোলযুক্ত হলিউড সিগারেট ও আকিজ বিড়ি উদ্ধার করা হয়। তবে এ সময় স্থানীয় ব্যবসায়ীরা একজোট হয়ে অভিযানে বাধা দেওয়ার চেষ্টা করে।

জব্দকৃত পণ্যের পরিমাণ: ৪,০০০ শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত হলিউড সিগারেট, ১০,০০০ শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত আকিজ বিড়ি।

বরিশাল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহকারী কমিশনার বলেন— “বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দিয়ে একটি অসাধু চক্র অবৈধ ব্যবসা চালিয়ে আসছিল। অভিযানে জব্দকৃত পণ্যের বিরুদ্ধে কাস্টমস বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। নকল বিড়ি-সিগারেটের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ বিড়ি-সিগারেটের ব্যবসা শুধু সরকারের রাজস্ব ক্ষতিই করছে না, জনস্বাস্থ্যের জন্যও বাড়তি ঝুঁকি তৈরি করছে।