
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১৩০ কোটি টাকা মূল্যের ৮.৬৬ কেজি কোকেইনসহ এক বিদেশি নারী যাত্রীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
মঙ্গলবার (২৬ আগস্ট) ভোররাত আড়াইটার দিকে দোহা থেকে ঢাকায় আসা কাতার এয়ারলাইন্সের ফ্লাইট নং QR638-এ এ ঘটনা ঘটে। গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দারা বিমান অবতরণের পর থেকেই নজরদারি শুরু করেন।

কাস্টমস সূত্রে জানা যায়, ফ্লাইটের 30A সিটের যাত্রী MS KAREN PETULA STUFFLE-এর পরিচয় নিশ্চিত করে তার লাগেজ পরীক্ষা করা হয়। পরে স্ক্যানিং ও ইনভেন্ট্রির সময় প্লাস্টিকের তিনটি জারের ভেতর থেকে ২২টি ডিম্বাকৃতির ফয়েল মোড়ানো প্যাকেটে কোকেইন পাওয়া যায়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রাথমিক পরীক্ষায় উদ্ধারকৃত পদার্থটি কোকেইন হিসেবে নিশ্চিত করা হয়েছে। জব্দকৃত মাদকের মোট ওজন ৮.৬৬ কেজি, যার বাজারমূল্য আনুমানিক ১৩০ কোটি টাকা।
অভিযানের সময় কাস্টমস কর্মকর্তাদের পাশাপাশি বিমানবন্দর থানা পুলিশের দুইজন এসআই এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।
আটক যাত্রীকে মাদক চোরাচালানের অভিযোগে ফৌজদারি ও কাস্টমস অ্যাক্ট অনুযায়ী মামলার প্রক্রিয়া চলছে। কাস্টমস গোয়েন্দাদের দ্রুত পদক্ষেপের কারণে দেশে বিপুল পরিমাণ মাদক প্রবেশ রোধ করা সম্ভব হয়েছে বলে জানানো হয়েছে।