
তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনী দ্রুত পাস এবং তামাক কোম্পানির সঙ্গে বৈঠক বাতিলের দাবি জানিয়েছেন গণস্বাস্থ্য নগর হাসপাতালের চিকিৎসকরা।
মঙ্গলবার (১৯ আগস্ট) ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ‘অধূমপায়ীদের সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের গুরুত্ব: চিকিৎসকদের ভূমিকা’ শীর্ষক সেমিনারে চিকিৎসকরা এ দাবি জানান।
চিকিৎসকরা বলেন, “স্টেকহোল্ডার মিটিংয়ের নামে তামাক কোম্পানির মতামত নেওয়া WHO FCTC-এর আর্টিকেল ৫.৩ লঙ্ঘন এবং জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি।” তাই অবিলম্বে এ ধরনের সিদ্ধান্ত থেকে সরে এসে বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন করে পাস করার আহ্বান জানান তারা।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের প্রধান অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজের অনকোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. খোরশেদ আলম, গণস্বাস্থ্য নগর হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মো. সাঈদ-উজ-জামান, অধ্যাপক ডা. মুজিবুল হক, অধ্যাপক আকরাম হোসেনসহ আরও অনেকে।