ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

জার্মানিতে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত: নিহত ৩, আহত অন্তত ৫০

প্রতিবেদক
Ibrahim Khalil
২৮ জুলাই ২০২৫, ১২:২৫ বিকাল

Link Copied!

জার্মানির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রিডলিঙ্গেন শহরের কাছে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অনেক যাত্রী। শুক্রবার (২৭ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যায় বাডেন-ভুরটেমবার্গ রাজ্যের একটি বনাঞ্চলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

আল-জাজিরার খবরে বলা হয়, ট্রেনটি সিগমারিংগেন শহর থেকে উলম শহরের উদ্দেশ্যে যাত্রা করেছিল। ট্রেনটিতে প্রায় ১০০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিত না হলেও ধারণা করা হচ্ছে, তীব্র ঝড়ের কারণে ভূমিধসের ফলে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে।

জার্মান রেল অপারেটর ‘ডয়চে বাহন’ জানায়, অজানা কারণে দুটি বগি লাইনচ্যুত হয়েছে এবং এতে বেশ কয়েকজন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন। জরুরি সেবাদানকারী সংস্থাগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে। দুর্ঘটনার পর অন্তত ৪০ কিলোমিটার এলাকা জুড়ে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।

প্রাথমিকভাবে পুলিশের পক্ষ থেকে চারজন নিহতের কথা বলা হলেও পরে তারা তা সংশোধন করে তিনজন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। যদিও কর্তৃপক্ষ এখনো আহতদের সঠিক সংখ্যা জানাতে অপারগতা প্রকাশ করেছে, তবে দেশটির জনপ্রিয় ট্যাবলয়েড পত্রিকা ‘দ্যা বিল্ড’ জানায়, প্রায় ৫০ জন আহত হয়েছেন।

স্থানীয় গণমাধ্যমে প্রচারিত ফুটেজে দেখা যায়, ট্রেনের হলুদ ও ধূসর রঙের বগিগুলো লাইন থেকে ছিটকে পড়ে আছে এবং অগ্নিনির্বাপক ও জরুরি সেবার কর্মীরা যাত্রীদের উদ্ধার করতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন।

এদিকে, জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, “আমি স্বরাষ্ট্র ও পরিবহন মন্ত্রীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি এবং জরুরি পরিষেবাগুলোকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছি।”

এ দুর্ঘটনায় গোটা জার্মানিতে শোকের ছায়া নেমে এসেছে। তদন্ত চলমান রয়েছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ চালিয়ে যাচ্ছে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা