
করোনাভাইরাস সংক্রমণের নতুন ঢেউয়ের মধ্যে সিলেটে আরও একজনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে আরও ২৭ জনের শরীরে প্রাণঘাতী এ ভাইরাস শনাক্ত হয়েছে।
বুধবার (২ জুলাই) স্বাস্থ্য সেবা বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মঙ্গলবার (১ জুলাই) সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে এসব মৃত্যু ও শনাক্তের ঘটনা ঘটে।
গত ২৪ ঘণ্টায় ৫১৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে শনাক্তের হার দাঁড়িয়েছে ৫ দশমিক ২১ শতাংশ।
মারা যাওয়া ব্যক্তি ৭১ থেকে ৮০ বছর বয়সী এক নারী। তিনি সিলেটের একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশে করোনা আক্রান্ত হয়ে মোট ২৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬০৯ জনে।
দেশে করোনা শনাক্তের শুরু থেকে এ পর্যন্ত মোট ২০ লাখ ৫২ হাজার ১৫৪ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। আর মৃতের সংখ্যা পৌঁছেছে ২৯ হাজার ৫২৩ জনে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা জনগণকে সতর্ক থাকার এবং স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন।