
যমুনা সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় প্রায় ৪২ হাজার যানবাহন চলাচল করেছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ২৮ লাখ ২০ হাজার ২০০ টাকা।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শনিবার (১৪ জুন) রাত ১২টা থেকে রোববার (১৫ জুন) রাত ১২টা পর্যন্ত এই ২৪ ঘণ্টায় ৪১ হাজার ৯৮৯টি যানবাহন সেতু অতিক্রম করে। এর মধ্যে ১৯ হাজার ১৮৯টি যানবাহন উত্তরবঙ্গে গিয়েছে, যার বিপরীতে আদায় হয়েছে ১ কোটি ৬০ লাখ ৫১ হাজার ৭০০ টাকা। অপরদিকে ঢাকামুখী যানবাহনের সংখ্যা ছিল ২২ হাজার ৮০০টি। এই অংশ থেকে আদায় হয়েছে ১ কোটি ৬৭ লাখ ৬৮ হাজার ৫০০ টাকা।
সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল জানান, যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখতে যমুনা সেতুর দুই পাশে মোট ১৮টি টোল বুথ চালু রয়েছে। এর মধ্যে প্রতিটি পাশে দুটি করে মোটরসাইকেল পারাপারের জন্য আলাদা বুথ রয়েছে।
এদিকে ঈদের ১০ দিন পার হলেও সোমবার (১৬ জুন) ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ঢাকামুখী মানুষের চাপ লক্ষ্য করা গেছে। তবে আজ কোথাও বড় ধরনের যানজটের সৃষ্টি হয়নি। যদিও গত দুই দিন যানজট ও ধীরগতির কারণে ভোগান্তিতে পড়তে হয়েছে ঢাকামুখী যাত্রীদের।