
আগামী ২৯ অক্টোবর ঢাকায় শুরু হচ্ছে বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৬। তিন দিনব্যাপী এ আন্তর্জাতিক পর্যটন মেলায় ২০টিরও বেশি দেশের পর্যটন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে।
২৯ থেকে ৩১ অক্টোবর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) অনুষ্ঠিত হবে মেলাটি। ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) আয়োজিত এবারের মেলার টাইটেল স্পন্সর ইউএস-বাংলা এয়ারলাইন্স।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে আয়োজিত সংবাদ সম্মেলনে বিটিটিএফ ২০২৬-এর বিস্তারিত রূপরেখা তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন টোয়াব প্রেসিডেন্ট মোহাম্মদ হানিফ।
আয়োজকদের ধারণা, মেলায় ২০০টির বেশি বুথ ও স্টল, ২২০টির বেশি এক্সিবিটর, ২৫০ জনের বেশি কোয়ালিফায়েড বায়ার, ২ হাজার ৫০০-এর বেশি ট্রেড ভিজিটর এবং ৬০ হাজারের বেশি দর্শনার্থী অংশ নেবেন।
মেলায় চারটি থিমভিত্তিক প্রদর্শনী হলে ২০০টির বেশি এয়ারলাইন্স, হোটেল ও ট্যুর অপারেটর অংশ নেবে। এর মাধ্যমে পর্যটন খাতের ক্রেতা-বিক্রেতাদের পাশাপাশি দেশি-বিদেশি পর্যটন অংশীজনদের মধ্যে ব্যবসায়িক যোগাযোগের সুযোগ তৈরি হবে।
ইতোমধ্যে নেপাল, ভারত, সিঙ্গাপুর, মালদ্বীপ ও ফিলিপাইনের অংশগ্রহণকারীরা মেলায় উপস্থিতি নিশ্চিত করেছেন। এ ছাড়া তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, চীন, শ্রীলঙ্কা, পাকিস্তান, থাইল্যান্ড, ব্রুনাই, সৌদি আরব, মালয়েশিয়া ও আজারবাইজানসহ আরও কয়েকটি দেশের পর্যটন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অংশ নেবে বলে আশা করা হচ্ছে।
আয়োজকরা জানান, আন্তর্জাতিক অংশগ্রহণের মাধ্যমে বিভিন্ন দেশের পর্যটন গন্তব্যের প্রচার, ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধি এবং বাংলাদেশ ও আন্তর্জাতিক বাজারের মধ্যে পর্যটন অংশীদারিত্ব আরও জোরদার হবে।
মেলার সার্বিক সহযোগিতায় রয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ পর্যটন করপোরেশন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ ও এফবিসিসিআই।
আয়োজকদের দাবি, ১৩ বারের বেশি সফল আয়োজনের মাধ্যমে বিটিটিএফ দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন মেলায় পরিণত হয়েছে। এবারের আয়োজনের মাধ্যমে বাংলাদেশের পর্যটন খাতের প্রবৃদ্ধি এবং বৈশ্বিক পর্যটন অঙ্গনে দেশের অবস্থান আরও শক্তিশালী করার লক্ষ্য রয়েছে।