
চলতি বোরো মৌসুমে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য প্রস্তুত করা প্রাথমিক তালিকাটি গ্রহণযোগ্য হয়নি। তালিকায় প্রকৃত ক্ষতিগ্রস্তদের পাশাপাশি অপ্রয়োজনীয় অনেক নাম অন্তর্ভুক্ত হওয়ায় এটি পুনরায় যাচাই-বাছাই করে নতুন তালিকা তৈরি করা হবে বলে জানিয়েছেন নেত্রকোনা-৪ (মদন–মোহনগঞ্জ–খালিয়াজুরী) আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।
শুক্রবার (৮ মে) বিকেলে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার নূরানীপুর গ্রামে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে স্থানীয়দের উদ্দেশে বক্তব্য দেন তিনি। এসময় উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রউফ স্বাধীনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাবর বলেন, বিএনপি ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে প্রাথমিকভাবে একটি তালিকা প্রস্তুত করা হয়েছিল। তবে সেখানে প্রকৃত ক্ষতিগ্রস্তদের পাশাপাশি অনেক অপ্রাসঙ্গিক নাম অন্তর্ভুক্ত হওয়ায় নতুন করে তালিকা প্রণয়ন করা হবে। যাচাই-বাছাই শেষে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের অগ্রাধিকার ভিত্তিতে সহায়তা দেওয়া হবে।
তিনি আরও জানান, ঈদের আগেই ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা প্রদানের উদ্যোগ নেওয়া হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।
হাওরাঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে বাবর বলেন, “বিচ্ছিন্ন উন্নয়ন নয়, হাওরের বাস্তবতা বিবেচনায় নিয়ে পরিকল্পিত ও দীর্ঘমেয়াদি উন্নয়ন প্রয়োজন।”