
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো. জিসান আহমদ (২৩) নামে এক তরুণ নিহত হয়েছেন। শুক্রবার (১ আগস্ট) বেলা দেড়টার দিকে সিলেট বিমানবন্দর সড়কের বড়শালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ সময় আহত হয়েছেন মোটরসাইকেলের আরোহী মো. হাসান (২৪)। সড়ক দুর্ঘটনায় নিহত জিসান সিলেটের বিশ্বনাথ উপজেলার বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জিসান ও হাসান বিশ্বনাথ থেকে মোটরসাইকেলে করে ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটনকেন্দ্রে ঘুরতে যাচ্ছিলেন। তাদের বহনকারী মোটরসাইকেল বিমানবন্দর সড়কের বড়শালা এলাকায় আসার পর সড়ক বিভাজনের সঙ্গে ধাক্কা খায়। এ সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে জিসান ঘটনাস্থলে মারা যান। তখন হাসান গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দু’জনকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. আনিসুর রহমান বলেন, ‘মোটরসাইকেলে জিসান ও হাসান সাদাপাথর এলাকায় ঘুরতে যাচ্ছিলেন। পথে বড়শালা এলাকায় তাদের মোটরসাইকেলটি সড়কের ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারায়। এতে ঘটনাস্থলেই জিসান নিহত হন এবং অপরজন আহত হন।