
চট্টগ্রামের ডবলমুরিং থানাধীন মিস্ত্রীপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নয়টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (২৩ জুলাই) সকাল ৯টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সিগারেটের আগুন থেকেই এই দুর্ঘটনার সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক (চট্টগ্রাম জোন) মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, “মিস্ত্রীপাড়ার মধুর বাড়িতে সিগারেট বা বিড়ির জলন্ত অংশ থেকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।”
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনে নয়টি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। ঘরে থাকা বাসিন্দাদের মালামাল, আসবাবপত্র, নগদ টাকা—সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় চার লাখ টাকা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত ঘরগুলোর মধ্যে কয়েকটি ছোট গার্মেন্টস ইউনিটও ছিল, সেগুলোর কাপড় ও সরঞ্জামও পুড়ে গেছে।
স্থানীয়রা অভিযোগ করেন, আগুন লাগার পর তারা প্রথমে নিজেরাই পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন, তবে আগুনের ভয়াবহতা বেশি হওয়ায় তা সম্ভব হয়নি। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় কেউ হতাহত না হলেও বাসিন্দারা ঘরহারা হয়ে মানবেতর অবস্থায় পড়েছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দ্রুত সহায়তা দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।