
পটুয়াখালীর রাঙ্গাবালীতে ইলিশসহ অন্যান্য মাছের নিরাপদ প্রজনন ও সংরক্ষণে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৩ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও বেহুন্দি জাল জব্দ করা হয়েছে। পরে জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
শনিবার (২৫ জুলাই) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল হাসানের দিকনির্দেশনায় উপজেলা মৎস্য দপ্তর ও রাঙ্গাবালী থানা পুলিশ যৌথভাবে অভিযানটি পরিচালনা করে।
অভিযানে চতলাখালী, গহিনখালী, হরিদ্রাখালী, সাজির হাওলা, কাউখালী, নয়াভাংগুনি ও ফুলখালী এলাকার নদী ও খালের বিভিন্ন পয়েন্ট থেকে বিপুল পরিমাণ ক্ষতিকারক চায়না দুয়ারী ও বেহুন্দি জাল জব্দ করা হয়।
পরে জব্দ করা জালগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। উপজেলা মৎস্য দপ্তর জানিয়েছে, ধ্বংস করা জালগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা।
মৎস্য দপ্তর সূত্র জানায়, এসব অবৈধ জালের ব্যবহারে মা মাছ ও পোনা মাছ নির্বিচারে ধরা পড়ছে। ফলে স্থানীয় নদ-নদীর মাছের প্রজনন ও মৎস্যসম্পদ মারাত্মকভাবে হুমকির মুখে পড়ছে।
মৎস্যসম্পদ রক্ষা ও টেকসই উৎপাদন নিশ্চিত করতে অবৈধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।