
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী ১১ জুন পর্যন্ত বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। একই সঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু চট্টগ্রাম পর্যন্ত অগ্রসর হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মৌসুমি বায়ু দেশের মধ্যাঞ্চল পর্যন্ত অগ্রসর হওয়ার জন্য আবহাওয়া অনুকূলে রয়েছে।
আজ (৭ জুন) ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু এলাকায় দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
৮ জুন ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু স্থানে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
৯ জুন ঢাকা, ময়মনসিংহ, খুলনা, সিলেট রংপুর, রাজশাহী, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
১০ জুন দেশের সব বিভাগের কিছু কিছু স্থানে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও রাতের তাপমাত্রায় তেমন পরিবর্তন হবে না।
১১ জুন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু স্থানে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের বিভিন্ন এলাকায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায়ও বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।