ঢাকাবৃহস্পতিবার , ২০ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জীবন বীমা ও ব্যাংক

বাংলাদেশের প্রবৃদ্ধি ও বিনিয়োগে বছরে ১ বিলিয়ন ডলারের বেশি প্রকল্পের উদ্যোগ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৪ অগাস্ট ২০২৬, ৯:৪৫ বিকাল

Link Copied!

বাংলাদেশের প্রবৃদ্ধি ও বিনিয়োগ বাড়াতে বছরে ১ বিলিয়ন ডলারের বেশি সম্ভাব্য প্রকল্প কর্মসূচি চিহ্নিত করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এডিবির দক্ষিণ, মধ্য ও পশ্চিম এশিয়া বিষয়ক ভাইস-প্রেসিডেন্ট ইংমিং ইয়াংয়ের পাঁচ দিনের বাংলাদেশ সফর শেষে এ তথ্য জানানো হয়েছে।

সফরকালে এডিবির পরবর্তী কান্ট্রি পার্টনারশিপ স্ট্র্যাটেজি (সিপিএস), সংস্কার ও বিনিয়োগের অগ্রাধিকার এবং ইন্টিগ্রেটেড গ্রোথ নেটওয়ার্ক ডেভেলপমেন্ট (আইজিএনডি) উদ্যোগ বাস্তবায়ন নিয়ে সরকারের বিভিন্ন পর্যায়, বেসরকারি খাত ও অন্যান্য অংশীজনের সঙ্গে আলোচনা করেন ইয়াং।

এডিবির ভাইস-প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশ উন্নয়নযাত্রার একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি, বেসরকারি বিনিয়োগ ত্বরান্বিত করা এবং অর্থনীতির স্থিতিস্থাপকতা জোরদার করা এখন গুরুত্বপূর্ণ। আইজিএনডি সংস্কার, বিনিয়োগ ও প্রাতিষ্ঠানিক কার্যক্রমকে একটি সমন্বিত কাঠামোর আওতায় এনে দেশের বিভিন্ন অঞ্চলে নতুন সম্ভাবনা সৃষ্টি করতে পারে।

সফরকালে সরকার ও এডিবি আইজিএনডির সঙ্গে সামঞ্জস্য রেখে সম্ভাব্য প্রকল্প কর্মসূচি নিয়ে কাজ করেছে। পাশাপাশি বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গে বিনিয়োগ উন্নয়ন নিয়েও আলোচনা শুরু হয়েছে।

আঞ্চলিক সহযোগিতা ও সংযোগ জোরদারের মাধ্যমে বাংলাদেশকে পরিবহন, লজিস্টিকস, জ্বালানি ও ডিজিটাল সংযোগের আঞ্চলিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার সম্ভাবনাও আলোচনায় উঠে আসে। এ ক্ষেত্রে ডিজিটাল সংযোগকে গুরুত্বপূর্ণ একটি ক্ষেত্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠকে সরকারের মধ্যমেয়াদি সংস্কার ও উন্নয়ন কাঠামোর সঙ্গে এডিবির পরবর্তী সিপিএসের সামঞ্জস্য, বেসরকারি খাতনির্ভর অর্থনৈতিক বহুমুখীকরণ এবং দুর্যোগ মোকাবিলায় অর্থনীতির স্থিতিস্থাপকতা বাড়ানোর বিষয় গুরুত্ব পায়।

এ ছাড়া ব্যাংকিং খাত ও পুঁজিবাজারের উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানি এবং বেসরকারি বিনিয়োগ বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়।

চট্টগ্রামে আয়োজিত আইজিএনডি বিষয়ক জাতীয় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইংমিং ইয়াং। তিনি বলেন, এই উদ্যোগ দেশের বিভিন্ন প্রবৃদ্ধি কেন্দ্র, বাজার এবং আঞ্চলিক ও বৈশ্বিক মূল্য শৃঙ্খলের মধ্যে সংযোগ জোরদার করতে পারে।

তিনি আরও বলেন, অবকাঠামো, লজিস্টিকস, জ্বালানি, নগর উন্নয়ন ও মানবসম্পদে সমন্বিত বিনিয়োগ উৎপাদনশীলতা বৃদ্ধি, বিনিয়োগ আকর্ষণ, মানসম্মত কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের বিভিন্ন অঞ্চলে অর্থনৈতিক সুযোগ সম্প্রসারণে ভূমিকা রাখতে পারে।

সফরকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান এবং প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরসহ জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন ইয়াং।

এসব বৈঠকে ব্যাংকিং খাত ও পুঁজিবাজার সংস্কার, নবায়নযোগ্য জ্বালানি, বেসরকারি খাতের অংশগ্রহণ, জলবায়ু-সহনশীল বিনিয়োগ, ডিজিটাল রূপান্তর এবং বাংলাদেশের প্রধান সামুদ্রিক ও অর্থনৈতিক প্রবেশদ্বার হিসেবে চট্টগ্রামের ভূমিকা নিয়ে আলোচনা হয়।

চট্টগ্রামে অবস্থানকালে এডিবির ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম’-এর আওতায় পরিচালিত কার্যক্রমও পরিদর্শন করেন ইয়াং। শিল্পের সঙ্গে সংযুক্ত প্রশিক্ষণ কীভাবে কর্মসংস্থান, উৎপাদনশীলতা ও শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে পারে, তা তিনি পর্যালোচনা করেন।

এডিবির ভাইস-প্রেসিডেন্টের এই সফর গত মে মাসে এডিবির প্রেসিডেন্ট মাসাতো কান্দার বাংলাদেশ সফরের পর অর্জিত অগ্রগতিকে আরও এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি করেছে বলে জানানো হয়েছে। সফরকালে এডিবির পরবর্তী সিপিএস ও ভবিষ্যৎ কার্যক্রমের অগ্রাধিকার নির্ধারণে বিভিন্ন অংশীজনের মতামত নেওয়া হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

কলেরা হলে দেরি না করে দ্রুত চিকিৎসা নিন: স্বাস্থ্যমন্ত্রী

মনো-সামাজিক পরিচর্যায় পুলিশকে প্রশিক্ষণ, ভুক্তভোগীকে উন্নত সেবা দেওয়ার ওপর গুরুত্ব

মানুষের বদলে দেওয়া পৃথিবীতে দ্রুত বদলে যাচ্ছে প্রাণিজগৎ

রোগ প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আগামী পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস, কোথাও হতে পারে ভারী বর্ষণ

জাপানে ট্রেনের ধাক্কায় চার রেলশ্রমিক নিহত

স্বর্ণের দাম আবারও বাড়ল, ভরি কত?

অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট উৎপাদন, বেকারিকে ৫ লাখ টাকা জরিমানা

ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে ১ হাজার ৮৪১ মামলা

তিস্তার ভাঙনে বিলীন স্কুল, পরে ফেলা হচ্ছে জিওব্যাগ

বর্জ্য ব্যবস্থাপনায় অব্যবস্থাপনা, বরগুনা পৌরসভায় বাড়ছে জনভোগান্তি

দুপুরের মধ্যে ৬ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা