
দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণ ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সবশেষ মূল্য সমন্বয়ের পর বুধবার (১ জুলাই) থেকে নতুন দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে।
বাজুস জানায়, গত ৩০ জুন স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ (পিওর গোল্ড) ও রুপার (পিওর সিলভার) দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। এ সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা।
এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকায়, ১৮ ক্যারেটের ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা।
স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ৪৯১ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের রুপার দাম ৪ হাজার ২৫৭ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ৬৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ২ হাজার ৭৪১ টাকায় বিক্রি হচ্ছে। রুপার প্রতি ভরিতে দাম কমেছে ১৭৫ টাকা।
বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের নকশা অনুযায়ী মজুরি যুক্ত হবে। এছাড়া বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।
এর আগে ২৯ জুনও প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছিল। সব মিলিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ৮৪ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪১ বার দাম বেড়েছে, ৪২ বার কমেছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।
অন্যদিকে, চলতি বছরে রুপার দাম ৫১ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৫ বার দাম বেড়েছে এবং ২৬ বার কমেছে।