দেশের ছয় বিভাগের বিভিন্ন স্থানে মঙ্গলবার বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে তাপমাত্রা কমে অন্তত ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
সোমবার সন্ধ্যায় দেওয়া পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে এবং রংপুর ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিরও আশঙ্কা রয়েছে।
রাজধানী ঢাকাতেও সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ভোলায় ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীতে তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, যা আগের দিনের তুলনায় কিছুটা বেশি। তবে সার্বিকভাবে তাপমাত্রার বড় কোনো পরিবর্তন হয়নি।
আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, মঙ্গলবার থেকে দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে, যার ফলে তাপমাত্রা কিছুটা কমবে। বর্তমানে কালবৈশাখীর মৌসুম চলায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। এ পরিস্থিতি শুক্রবার পর্যন্ত থাকতে পারে। এরপর আবার তাপমাত্রা বাড়তে পারে।
এর আগে গত শুক্রবার দেশের ২৭ জেলায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যায়। শনিবারও অন্তত ১৫ জেলায় তাপপ্রবাহ ছিল। তবে বর্তমানে সেই প্রবণতা কিছুটা কমেছে।
এপ্রিল মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, এ মাসে ঝড়বৃষ্টির প্রবণতা বেশি থাকতে পারে। ফলে দীর্ঘস্থায়ী তাপপ্রবাহের সম্ভাবনা কম হলেও একাধিক দফায় তাপপ্রবাহ দেখা দিতে পারে।


