
তিন দিনের ব্যবধানে দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। এর আগে এক লাফে ৫ হাজার ৪৮২ টাকা বাড়ানোর পর এবার ভালো মানের সোনার দাম কমানো হয়েছে ২ হাজার ২১৬ টাকা। ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা।
স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে সোনার দাম কমানোর সিদ্ধান্ত হয়। কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ২ হাজার ১০০ টাকা কমিয়ে ২ লাখ ২৪ হাজার ৫৯০ টাকা করা হয়েছে।
এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ১ হাজার ৭৫০ টাকা কমিয়ে ১ লাখ ৯২ হাজার ৮৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার গহনার দাম ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৭ হাজার ৫২২ টাকা।
এর আগে গত ৩ সেপ্টেম্বর ভালো মানের এক ভরি সোনার গহনার দাম এক লাফে ৫ হাজার ৪৮২ টাকা বাড়ানো হয়েছিল। তখন ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৩৭ হাজার ৩৬২ টাকা। ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ২৬ হাজার ৬৯০ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯৪ হাজার ৬১৪ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৫৮ হাজার ৯৮০ টাকা।
তবে এর আগে ২৯ ও ৩১ আগস্ট এবং ২ সেপ্টেম্বর তিন দফায় সোনার দাম কমিয়েছিল বাজুস। ওই তিন দফায় ভালো মানের এক ভরি সোনার গহনার দাম মোট ১৫ হাজার ৮৬৩ টাকা কমানো হয়েছিল।
অন্যদিকে, ২০, ২২ ও ২৫ আগস্ট তিন দফায় সোনার দাম বাড়ানো হয়েছিল। ওই তিন দফায় ভালো মানের এক ভরি সোনার গহনার দাম মোট ১০ হাজার ৯৬৪ টাকা বাড়ানো হয়।
এদিকে সোনার দাম কমলেও রুপার গহনার দাম অপরিবর্তিত রয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ৫ হাজার ১৩২ টাকা। ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৩ হাজার ২০৮ টাকা নির্ধারণ করা হয়েছে।