
দক্ষিণ এশিয়ায় জলবায়ু পরিবর্তনজনিত বাস্তুচ্যুতি ব্যবস্থাপনায় সমন্বিত কৌশল বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর মধ্যে একটি দ্বিপাক্ষিক চুক্তি সই হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে তিন বছর মেয়াদি এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১ দশমিক ২৫ মিলিয়ন ইউরো।
বৃহস্পতিবার (২৩ জুলাই) অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের পক্ষে ইআরডির সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং আইওএমের পক্ষে সংস্থাটির বাংলাদেশ মিশনের প্রধান ড. লরা টম বনডে চুক্তিতে সই করেন।
চুক্তির আওতায় জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত জনগোষ্ঠীর তথ্যভান্ডার তৈরি, তথ্য সংগ্রহ এবং বাস্তুচ্যুতি ব্যবস্থাপনা বিষয়ে গবেষণালব্ধ জ্ঞান ও অভিজ্ঞতা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বিনিময়ের উদ্যোগ নেওয়া হবে।
এ ছাড়া প্রবাসী বাংলাদেশিদের জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সম্পৃক্ত করা, স্থানীয় জনগোষ্ঠীর জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং জলবায়ু ঝুঁকি হ্রাসে আঞ্চলিক সহযোগিতা জোরদারে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব এ কে এম সোহেল, যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, সিনিয়র সহকারী সচিব ড. রাজিবুল আলম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ফাহমিদা হক খান, আইওএমের ন্যাশনাল প্রোগ্রাম অফিসার আশফাকুর রহমান খান, ন্যাশনাল কনসালট্যান্ট ড. এস এম মোর্শেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।