
দীর্ঘদিন ধরে একই প্রতিষ্ঠানের হয়ে কাজ করেও স্থায়ী চাকরির স্বীকৃতি না পাওয়ার অভিযোগে আন্দোলনে নেমেছেন ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (BATB)-এর ফিল্ড টেকনিশিয়ান ও অফিস স্টাফরা। চাকরি স্থায়ীকরণের দাবিতে রংপুরে প্রতীকী অনশন এবং কুষ্টিয়ার আল্লারদর্গায় টানা দ্বিতীয় দিনের মতো মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করছেন শ্রমিকরা।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল থেকে এ কর্মসূচি চলছে।
প্রতীকী অনশনে শ্রমিকদের দাবি, দীর্ঘদিন ধরে BATB-এর স্থায়ী ধরনের কাজ করলেও তারা ঠিকাদারি ব্যবস্থার অধীনে কর্মরত রয়েছেন। তাই ঠিকাদারি প্রথা থেকে মুক্ত করে তাদের BATB-এর অধীনে স্থায়ী চাকরির স্বীকৃতি দিতে হবে।

প্রতীকী অনশনে রংপুর লিফ রিজিয়নের শ্রমিকদের পাশাপাশি আন্দোলনের নেতাকর্মীরাও উপস্থিত রয়েছেন।
একই সময়ে কুষ্টিয়ার আল্লারদর্গা লিফ রিজিয়নেও আজ দ্বিতীয় দিনের মতো চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ চলছে। এতে আল্লারদর্গা, মানিকগঞ্জ, চেচুয়া, ঝিনাইদহ ও মেহেরপুর লিফ রিজিয়নের ফিল্ড টেকনিশিয়ান ও অফিস স্টাফরা অংশ নিয়েছেন।

আল্লারদর্গা রিজিয়নের চলমান কর্মসূচিতে সংগঠনের সভাপতি মো. আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. সামিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহেল রানা এবং সক্রিয় সদস্য মো. শহিদুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মী ও শ্রমিকরা উপস্থিত রয়েছেন।
শ্রমিকরা জানান, গত ১০ আগস্ট সংবাদ সম্মেলনে তারা সরাসরি চাকরি স্থায়ীকরণ, চাকরিচ্যুতি ও বেতন না দেওয়ার হুমকি বন্ধ এবং হয়রানি বন্ধের দাবি জানান। দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচিতে যাওয়ারও হুঁশিয়ারি দেন তারা।

এদিকে রংপুর লিফ রিজিয়নের সামনে প্রতীকী অনশন চলাকালে দুই শ্রমিক মো. রবিউল ইসলাম ও মো. মাসুদ মিয়া অসুস্থ হয়ে পড়েছেন বলে আন্দোলনকারীরা জানিয়েছেন। তাদের দাবি, অসুস্থ হওয়ার পরও এখন পর্যন্ত কর্তৃপক্ষের পক্ষ থেকে তাদের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি।
শ্রমিকদের পক্ষ থেকে আরও বলা হয়, চাকরি স্থায়ীকরণসহ শ্রম অধিকার নিশ্চিত করার দাবিতে এরই মধ্যে বিভিন্ন পর্যায়ে কর্মবিরতি, মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ও গত ৯ আগস্ট BATB-এর রংপুর লিফ রিজিয়নের আওতাধীন লালমনিরহাট, রংপুর ও গাইবান্ধার বিভিন্ন ইউনিটে কর্মরত শ্রমিকদের স্থায়ী শ্রমিক হিসেবে স্বীকৃতি ও শ্রম অধিকার লঙ্ঘনের বিষয়ে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের কাছে আবেদনটি পাঠিয়েছে।
আন্দোলনকারীরা দ্রুত তাদের দাবি মেনে নিয়ে BATB-এর অধীনে চাকরি স্থায়ী করার দাবি জানিয়েছেন। দাবি আদায় না হলে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তারা।