ঢাকামঙ্গলবার , ১১ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ

চাকরি স্থায়ীকরণের দাবিতে বিএটিবি শ্রমিকদের হুঁশিয়ারি

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১০ অগাস্ট ২০২৬, ১২:০০ বিকাল

Link Copied!

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (BATB) ও ঠিকাদারি প্রতিষ্ঠান এমএসএম লজিস্টিকসের বিরুদ্ধে শ্রমিক নিপীড়ন, চাকরির নিরাপত্তাহীনতা, প্রতিহিংসামূলক বদলি ও হয়রানির অভিযোগ তুলে সরাসরি BATB-তে চাকরি স্থায়ীকরণের দাবি জানিয়েছেন ফিল্ড টেকনিশিয়ান ও অফিস স্টাফরা। দাবি আদায়ে দেশের আটটি লিফ রিজিয়নে কর্মবিরতি পালন করছেন তারা। দাবি মেনে নেওয়া না হলে আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন শ্রমিকরা।

সোমবার (১০ আগস্ট) কুষ্টিয়া প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ ও দাবি তুলে ধরেন BATB ফিল্ড টেকনিশিয়ান এবং অফিস স্টাফ শ্রমিক কল্যাণ ইউনিয়নের নেতারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, কুষ্টিয়ার পাশাপাশি রংপুর, মানিকগঞ্জ, আল্লারদর্গা, চেচুয়া, মেহেরপুর, ঝিনাইদহ, চট্টগ্রাম উত্তর ও চট্টগ্রাম দক্ষিণ লিফ রিজিয়নের সর্বস্তরের ফিল্ড টেকনিশিয়ান ও অফিস স্টাফরা এই আন্দোলনে একাত্মতা প্রকাশ করে কর্মবিরতি পালন করছেন।

শ্রমিকরা জানান, তাদের প্রতিটি রিজিয়নের রিজিওনাল ম্যানেজারের কাছে গত ৭ জুন লিখিত আবেদন দেওয়া হয়। পরে ১৮ জুন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ঢাকার শ্রম ভবনে লিখিত আবেদন জমা দেওয়া হয়। এর অনুলিপি ২১ জুন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, কুষ্টিয়া এবং কুষ্টিয়ার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে দেওয়া হয়।

লিখিত বক্তব্যে শ্রমিকরা বলেন, তারা ২০১০ সাল থেকে গত ১৬ বছর ধরে BATB-এর সঙ্গে যুক্ত থেকে সারা বছর নিরবচ্ছিন্নভাবে বিভিন্ন দায়িত্ব পালন করে আসছেন। এর মধ্যে রয়েছে তামাক চাষি নির্বাচন, চাষিদের সঙ্গে চুক্তি, বীজ বিতরণ, বীজতলা প্রস্তুত, চারার পরিচর্যা ও পর্যবেক্ষণ, সার ও কীটনাশক বিতরণ, নগদ টাকা ঋণ হিসেবে বিতরণ, তামাক রোপণ, পরিচর্যা ও পর্যবেক্ষণ, বার্ন ও শেড তৈরি, কোম্পানির বিভিন্ন অ্যাপ-বিজয় অ্যাপস, ব্যাটলীফ অ্যাপস ও এগ্রি ৩৬০-এর মাধ্যমে তথ্য সংগ্রহ এবং তামাকের মাঠে দিকনির্দেশনা দেওয়া।

এ ছাড়া তামাক পাতা সংগ্রহ, কিউরিং, গ্রেডিং, বেল প্রস্তুত ও পর্যবেক্ষণ, পরিবহন, টিপি ইস্যু ও লোন পরিশোধ এবং BATB-এর গোডাউন পর্যন্ত তামাক পৌঁছে দেওয়ার কাজেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বলে দাবি করেন। পরিবেশ ও জলবায়ু সংরক্ষণের অংশ হিসেবে সবুজ সার ও চাষিদের মধ্যে গাছের চারা বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচিতেও তারা দায়িত্ব পালন করে আসছেন বলে জানান।

শ্রমিকদের অভিযোগ, তারা যে পদগুলোতে দীর্ঘদিন ধরে কাজ করছেন, সেসব পদে আগে কোম্পানির স্থায়ী জনবল নিয়োজিত ছিল। পরে BATB অতিরিক্ত মুনাফার উদ্দেশ্যে এসব স্থায়ী পদকে ঠিকাদারি বা আউটসোর্সিং ব্যবস্থার আওতায় নিয়ে আসে। তাদের দাবি, দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সাংগঠনিক কাঠামো বা অর্গানোগ্রাম অনুমোদনের বিষয়টি বাধ্যতামূলক হলেও BATB-তে এ ধরনের অনুমোদিত সাংগঠনিক কাঠামো নেই।

তারা আরও অভিযোগ করেন, দীর্ঘ ১৬ বছর কাজ করেও তারা ন্যায্য সুযোগ-সুবিধা, শ্রম আইন অনুযায়ী বার্ষিক ৫ শতাংশ লভ্যাংশ বা WPPF এবং চাকরির ন্যূনতম নিরাপত্তা থেকে বঞ্চিত হয়েছেন।

চাকরি স্থায়ীকরণের দাবিতে গত ২১ জুলাই আল্লারদর্গা লিফ রিজিয়নে এবং ২২ জুলাই রংপুর লিফ রিজিয়নে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

শ্রমিকদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৩ আগস্ট রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে একটি উচ্চপর্যায়ের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে রংপুর বিভাগীয় কমিশনারের উপস্থিতিতে BATB-এর ডিএলএম (DLM), রিজিওনাল ম্যানেজারসহ (RM) উচ্চপদস্থ কর্মকর্তা ও তাদের আইনজীবী এবং এমএসএম লজিস্টিকসের চেয়ারম্যান ও পরিচালক উপস্থিত ছিলেন বলে জানান শ্রমিকরা।

তাদের দাবি, শুনানিতে শ্রমিকদের পক্ষ থেকে আইনি যুক্তি তুলে ধরার পর মালিকপক্ষ শেষ পর্যন্ত স্বীকার করে নেয় যে আইনে সুযোগ থাকলে বা শ্রমিকরা আইনি অধিকার পেলে তাদের স্থায়ী করা হবে।

শ্রমিকরা তাদের দাবির পক্ষে বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫-এর বিধি ১৬(৫) এবং বাংলাদেশ শ্রম বিধিমালা (সংশোধিত ২০২২)-এর বিধি ১৮(২)-এর কথা উল্লেখ করেন।

তাদের দাবি, বিধি ১৬(৫) অনুযায়ী মূল প্রতিষ্ঠান তার অনুমোদিত স্থায়ী জনবল কাঠামোর কোনো পদে ঠিকাদারি বা আউটসোর্সিং এজেন্সির মাধ্যমে শ্রমিক নিয়োগ করতে পারে না। আর বিধি ১৮(২)-এর ব্যাখ্যা অনুযায়ী, কোনো প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানের প্রকৃতি অনুযায়ী কোনো কাজ টানা ১৮০ দিনের বেশি নিরবচ্ছিন্নভাবে চললে সেটি মূল বা স্থায়ী কাজ হিসেবে গণ্য হয়। শ্রমিকদের দাবি, তাদের কাজ বছরের ১২ মাসই নিরবচ্ছিন্নভাবে চলমান।

তবে শুনানির পরই তাদের ওপর প্রতিহিংসামূলক আচরণ করা হচ্ছে বলে অভিযোগ করেন শ্রমিকরা। তাদের দাবি, ইউনিয়নের শীর্ষস্থানীয় ২০ নেতা ও সক্রিয় সদস্যকে আন্দোলনের মনোবল ভেঙে দেওয়ার উদ্দেশ্যে বিভিন্ন দূরবর্তী রিজিয়নে বদলি করা হয়েছে। তারা এটিকে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৯৫(ঘ) ধারায় বর্ণিত ‘অসৎ শ্রম আচরণ’ বা Unfair Labour Practice হিসেবে উল্লেখ করেন।

এ ছাড়া BATB-এর ৩৮ জন ফিল্ড টেকনিশিয়ানের নামে মিরপুর থানায় হয়রানিমূলক সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা।

শ্রমিকরা জানান, এসব হুমকি-ধমকি ও বদলির প্রতিবাদে তারা গত ২০ জুলাই থেকে প্রথম ধাপে সাত দিন এবং দ্বিতীয় ধাপে ১০ দিন-মোট ১৭ দিন শান্তিপূর্ণ কর্মবিরতি পালন করেছেন। কর্তৃপক্ষের পক্ষ থেকে কার্যকর সমাধান না পাওয়ায় গত ৬ আগস্ট থেকে তৃতীয় ধাপে আরও ১০ দিনের পূর্ণাঙ্গ ও সর্বাত্মক শান্তিপূর্ণ কর্মবিরতি পালন করছেন তারা।

সংবাদ সম্মেলনে শ্রমিকরা বলেন, তারা আর কোনো ঠিকাদারি বা মধ্যস্বত্বভোগী প্রতিষ্ঠানের আশ্বাস কিংবা আইনি ফাঁদে যেতে চান না। তাদের এক দফা দাবি-ঠিকাদারি প্রথা থেকে মুক্ত করে BATB-তে তাদের সরাসরি চাকরি স্থায়ী করতে হবে। একই সঙ্গে চাকরিচ্যুতি, বেতন না দেওয়া এবং বিভিন্ন ধরনের হয়রানিমূলক হুমকি-ধমকি বন্ধ করতে হবে।

চলমান কর্মবিরতির মধ্যে দাবি মেনে নেওয়া না হলে দেশের সব রিজিয়নে অবরোধসহ আরও কঠোর ও চূড়ান্ত কর্মসূচিতে যেতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেন তারা। এ ধরনের কর্মসূচির কারণে তামাকের মাঠপর্যায়ে কোনো ক্ষয়ক্ষতি হলে এর দায় BATB ব্যবস্থাপনাকে বহন করতে হবে বলেও জানান শ্রমিকরা।

সংবাদ সম্মেলন থেকে প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রী ও শ্রম সচিব এবং কুষ্টিয়ার জেলা প্রশাসকের জরুরি ও মানবিক হস্তক্ষেপ কামনা করা হয়।

এ সময় আটটি লিফ রিজিয়নের শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলনে সত্য ও ন্যায়ের পক্ষে গণমাধ্যমকে পাশে থাকার আহ্বান জানান BATB ফিল্ড টেকনিশিয়ান ও অফিস স্টাফ শ্রমিক কল্যাণ ইউনিয়নের নেতারা।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক সামিউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ এবং সদস্য গিয়াস উদ্দিনসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন -কেইউজে’র সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু, কুষ্টিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন -কেইউজে’র সহ-সভাপতি মজিবুল শেখ, দপ্তর সম্পাদক এস এম মাহফুজ উর রহমানসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

Facebook Comments Box

আরও পড়ুন

এইচ৫ বার্ড ফ্লু: ঝুঁকিপূর্ণ পাখিকে টিকা দেবে অস্ট্রেলিয়া

রাঙ্গামাটির ৩৮৯ বিদ্যুৎবিহীন বিদ্যালয়ে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা

শাহরাস্তিতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

যেভাবে বুঝবেন আপনার হাড় দুর্বল হচ্ছে কি না

চীনে শক্তিশালী টাইফুন ডলফিন, ভারী বৃষ্টি ও ভূমিধসের সতর্কতা

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১১১

এক আগুন নিভতেই আরেক আগুন, ভয়াবহ দাবানলে যুক্তরাষ্ট্র

Banglalink Stands with Communities During the Monsoon

জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলায় কৃষি ভর্তুকি পুনর্বিন্যাসের আহ্বান

১০ সিটি করপোরেশনে ১২ হাজারের বেশি রেইনকোট বিতরণ

তামাকের মোড়কে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী থাকলেও আইন মানছে না অধিকাংশ প্রতিষ্ঠান

Field Technicians and Office Staff of BATB Warn of Escalation Over Permanent Job Demand