
চট্টগ্রামের আকবর শাহ এলাকার সিটি গেইটের কাছে কাভার্ডভ্যান ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। সোমবার (১৮ আগস্ট) ভোরে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোর ৪টা ৫৫ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে মাত্র ১০ মিনিটের মধ্যে আগ্রাবাদ ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। ঘটনাস্থলটি স্টেশন থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে ছিল।
সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। আহত তিনজনকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ও আহতদের পরিচয় এখনো জানা যায়নি।
ফায়ার সার্ভিস জানায়, দুর্ঘটনার সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভোরের কুয়াশা কিংবা চালকদের অসতর্কতার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে।
এদিকে দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়। পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।