ঢাকারবিবার , ৫ জুলাই ২০২৬
  1. সর্বশেষ

এল নিনোর থাবায় বিশ্বের কোন অঞ্চলের কৃষি সবচেয়ে বেশি ঝুঁকিতে?

প্রতিবেদক
Ibrahim Khalil
৫ জুলাই ২০২৬, ১২:৪০ বিকাল

Link Copied!

বিপ্লব হোসাইন: বিশ্বজুড়ে আবারও শক্তিশালী এল নিনো ফিরে আসার আশঙ্কা দেখা দিয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এ জলবায়ুগত ঘটনা শুরু হতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)। সংস্থাটি বলছে, এল নিনোর প্রভাবে বিশ্বের বিভিন্ন অঞ্চলে তীব্র খরা দেখা দিতে পারে, যা কৃষি উৎপাদন, গবাদিপশু পালন এবং খাদ্যনিরাপত্তার ওপর বড় ধরনের প্রভাব ফেলবে।

এফএওর সর্বশেষ বিশ্লেষণে বলা হয়েছে, সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে সাহেল অঞ্চল, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া, মধ্য আমেরিকার ড্রাই করিডোর এবং ক্যারিবীয় অঞ্চল। এসব এলাকার অনেক স্থানে ফসলি জমি ও চারণভূমির ৫০ শতাংশেরও বেশি খরার ঝুঁকিতে রয়েছে।

স্যাটেলাইট বিশ্লেষণে উচ্চ ঝুঁকির চিত্র

বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) শক্তিশালী এল নিনোর পূর্বাভাস দেওয়ার পর এফএও তাদের Agricultural Stress Index System (ASIS)-এর ৪১ বছরের স্যাটেলাইট তথ্য বিশ্লেষণ করে সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকার মানচিত্র তৈরি করেছে।

বিশেষজ্ঞদের মতে, অতীতের শক্তিশালী এল নিনো ঘটনাগুলোর সময় যেসব অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল, এবারও সেসব এলাকাই সবচেয়ে ঝুঁকির মুখে রয়েছে।

জলবায়ু পরিবর্তনে বাড়ছে সংকট

এফএওর প্রাকৃতিক সম্পদ কর্মকর্তা হোর্হে আলভার-বেলট্রান বলেন, বর্তমান পৃথিবী আগের তুলনায় অনেক বেশি উষ্ণ। জলবায়ু পরিবর্তনের পাশাপাশি সংঘাত, দারিদ্র্য ও খাদ্যসংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ফলে নতুন এল নিনোর প্রভাব আগের চেয়ে আরও ভয়াবহ হতে পারে।

তিনি বলেন, অনেক কৃষকের জন্য প্রথমে ফসল নষ্ট হবে, এরপর গবাদিপশু হারানোর ঝুঁকি তৈরি হবে। শেষ পর্যন্ত তাদের পুরো জীবিকাই হুমকির মুখে পড়তে পারে।

সবচেয়ে বেশি ঝুঁকিতে যেসব অঞ্চল

এফএওর প্রতিবেদনে বলা হয়েছে—

সাহেল অঞ্চল: সেনেগাল থেকে শুরু করে নাইজেরিয়া, ইথিওপিয়া ও সুদান পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় কৃষি খরার ঝুঁকি রয়েছে। সংঘাত ও খাদ্যসংকটের কারণে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।

দক্ষিণ আফ্রিকা: নামিবিয়া, বতসোয়ানা, অ্যাঙ্গোলা, জাম্বিয়া, জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা, মোজাম্বিক ও মাদাগাস্কারের বিস্তীর্ণ এলাকায় খরার আশঙ্কা রয়েছে।

দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া: ভারত, পাকিস্তান, মিয়ানমার, থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম, ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও তিমুর-লেস্তেতে বৃষ্টিনির্ভর কৃষি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে।

মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চল: হাইতি, কিউবা, ডোমিনিকান রিপাবলিক, কলম্বিয়া ও ভেনেজুয়েলাসহ বিভিন্ন দেশে খাদ্যসংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে।
ভারতের মৌসুমি বৃষ্টিও দুর্বল হতে পারে

এফএওর মতে, এল নিনোর কারণে ভারতের গ্রীষ্মকালীন মৌসুমি বায়ু দুর্বল হওয়ার আশঙ্কা রয়েছে। এতে ধান, ভুট্টাসহ বৃষ্টিনির্ভর প্রধান ফসলের উৎপাদন কমে যেতে পারে। ২০১৫ সালের শক্তিশালী এল নিনোর সময়ও দেশটিতে কৃষি উৎপাদনে উল্লেখযোগ্য ক্ষতি হয়েছিল।

অতীতের অভিজ্ঞতা উদ্বেগ বাড়াচ্ছে

২০১৫-১৬ সালের এল নিনোর সময় বিশ্বজুড়ে ৬ কোটির বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল। ওই সময় ২৩টি দেশে মানবিক সহায়তার জন্য প্রায় ৫০০ কোটি মার্কিন ডলার প্রয়োজন হয়েছিল।

অন্যদিকে ২০২৩-২৪ সালের এল নিনো দক্ষিণ আফ্রিকায় এক শতাব্দীর অন্যতম ভয়াবহ খরা সৃষ্টি করে। এতে প্রায় ৬ কোটি ১০ লাখ মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়।

আগাম প্রস্তুতির আহ্বান

পরিস্থিতি মোকাবিলায় এফএও ও বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) যৌথভাবে ২০২ মিলিয়ন ডলারের আগাম সহায়তা তহবিলের আবেদন জানিয়েছে। এর মাধ্যমে ২২টি উচ্চ-ঝুঁকিপূর্ণ দেশের প্রায় ৮৮ লাখ মানুষকে সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, আগাম সতর্কবার্তা, খরা-সহনশীল বীজ ব্যবহার, বিকল্প ফসল নির্বাচন, পশুখাদ্য মজুত এবং পানি সংরক্ষণের মতো উদ্যোগ দ্রুত বাস্তবায়ন করা গেলে ক্ষয়ক্ষতি অনেকটাই কমানো সম্ভব।

এফএওর প্রাকৃতিক সম্পদ কর্মকর্তা রিকার্ডো সোলদান বলেন, ঝুঁকিপূর্ণ এলাকা আগেই শনাক্ত করা গেলে সরকার ও উন্নয়ন সহযোগীরা প্রয়োজনীয় সহায়তা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর কাছে দ্রুত পৌঁছে দিতে পারবে।

বিশেষজ্ঞদের ভাষায়, এল নিনো এখন শুধু একটি আবহাওয়াগত ঘটনা নয়; এটি জলবায়ু পরিবর্তন, খাদ্যনিরাপত্তা ও বৈশ্বিক অর্থনীতির জন্যও একটি বড় চ্যালেঞ্জ। তাই সম্ভাব্য ক্ষতি এড়াতে এখনই প্রস্তুতি নেওয়ার বিকল্প নেই।

Facebook Comments Box

আরও পড়ুন

বরিশালে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু

রোগ নির্ণয়ে এখনো পিছিয়ে বাংলাদেশ: স্বাস্থ্যমন্ত্রী

বর্ষার বৃষ্টিতে স্বস্তির ঢাকার বাতাস, দূষণের শীর্ষে দিল্লি

পুরান ঢাকা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, আগুন নেভানো বড় চ্যালেঞ্জ: ফায়ার সার্ভিস

জাল ভিসার সন্দেহে শাহজালালে ৭৬ যাত্রীর ভ্রমণ ভেস্তে গেল

প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় যাচ্ছে ‘বাদশা বাহাদুর’

দুপুরের মধ্যে ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস

চট্টগ্রামে অজ্ঞাত গাড়িচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

দুর্নীতিবিরোধী চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কৃত বাংলাদেশের নাদিরা

কৃষিতে নতুন বিপ্লব, লবণাক্ততা ও খরা রোধে নতুন আশা ‘ম্যাজিক সয়েল’

বিশ্বব্যাংকের তালিকায় উন্নতি ৬ দেশের, বাংলাদেশ এখন কোন অবস্থানে?

দেশের ৯ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়ার আভাস