
বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়ে ভয়াবহ প্রাণহানির ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন।
সোমবার (২১ জুলাই) দুপুর সোয়া ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বেলা ১টা ৬ মিনিটে প্রশিক্ষণ বিমানটি উড্ডয়ন করে। উড্ডয়নের কিছু সময়ের মধ্যেই এটি নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে আছড়ে পড়ে।
দুর্ঘটনার পরপরই এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের দ্রুত উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। মাইলস্টোন কলেজের সামনের সড়কে বিপুলসংখ্যক মানুষ জড়ো হয়েছেন। একের পর এক অ্যাম্বুলেন্স এসে দগ্ধ ও আহতদের নিয়ে যাচ্ছে। অনেক অভিভাবক সন্তানদের খোঁজে উদ্বিগ্নভাবে কলেজ ক্যাম্পাসের আশপাশে অবস্থান করছেন।
দুর্ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস মহাপরিচালক সাংবাদিকদের বলেন, “এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। আহত হয়েছেন অর্ধশতাধিক। উদ্ধারকাজ এখনও চলছে।”
এদিকে, দুর্ঘটনার পর রক্তের প্রয়োজন দেখা দেওয়ায় সাধারণ মানুষের কাছে রক্তদানের অনুরোধ জানানো হয়েছে।
আইএসপিআর জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হবে।