
আজ সোমবার (১৮ মে) বিশ্ব জাদুঘর দিবস। প্রতিবছরের মতো এবারও বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে।
এবারের বিশ্ব জাদুঘর দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘বিভক্ত বিশ্বকে একত্র করছে জাদুঘর’।
দিবসটি উপলক্ষে বাংলাদেশ জাতীয় জাদুঘর বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। এর মধ্যে রয়েছে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, সেমিনার, বিশেষ প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। একই সময়ে বাংলাদেশ জাতীয় জাদুঘর থেকে একটি র্যালি বের হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা প্রদক্ষিণ করে পুনরায় জাদুঘরে এসে শেষ হবে।
এছাড়া বেলা ১১টায় বিশেষ প্রদর্শনী এবং সাড়ে ১১টায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
জানা গেছে, ইন্টারন্যাশনাল কাউন্সিল অব মিউজিয়ামস (আইকম)-এর আহ্বানে ১৯৭৭ সাল থেকে বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে। এর উদ্দেশ্য হলো বিশ্বের বিভিন্ন জাদুঘরের মধ্যে প্রাতিষ্ঠানিক যোগাযোগ বৃদ্ধি, জাদুঘরের গুরুত্ব তুলে ধরা এবং মানুষের কাছে ইতিহাস ও সংস্কৃতির সংরক্ষণের বার্তা পৌঁছে দেওয়া।
মানুষের প্রাকৃতিক ও সাংস্কৃতিক বৈচিত্র্য সংরক্ষণ, ঐতিহাসিক নিদর্শনের প্রদর্শন এবং শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকদের জ্ঞানচর্চার ক্ষেত্র বিস্তৃত করাও দিবসটির অন্যতম লক্ষ্য।
উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশে ছোট-বড় মিলিয়ে প্রায় ১০৩টি জাদুঘর রয়েছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তর, বাংলাদেশ জাতীয় জাদুঘরসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের অধীনে এসব জাদুঘরের কার্যক্রম পরিচালিত হচ্ছে।