ঢাকামঙ্গলবার , ১০ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

১৫ হাজার শিশুকে বিকাশের সেবা, গবেষণায় মিলল না উল্লেখযোগ্য সুফল

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১০ নভেম্বর ২০২৬, ১০:৫৮ সকাল

Link Copied!

দেশের ৬০০টির বেশি কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে ১৫ হাজারের বেশি শিশুকে প্রারম্ভিক বিকাশের সেবা দেওয়া হয়েছে। এতে শিশু প্রতিপালনের চর্চা, ঘরে শেখার পরিবেশ এবং খেলাধুলার সুযোগ বেড়েছে। তবে এসব উদ্যোগের পরও শিশুদের বিকাশের ফলাফলে পরিসংখ্যানগতভাবে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন পাওয়া যায়নি। গবেষণায় উঠে এসেছে, শুধু সেবার আওতা বাড়ালেই কাঙ্ক্ষিত ফল পাওয়া সম্ভব নয়; কার্যক্রমের মান, নিয়মিত তদারকি এবং মাঠপর্যায়ের কর্মীদের দক্ষতা নিশ্চিত করাও জরুরি।

সোমবার (৯ নভেম্বর) রাজধানীতে ‘বাংলাদেশে প্রারম্ভিক শিশু বিকাশ ও আগামীর পথ’ শীর্ষক জাতীয় গবেষণা ফলাফল উপস্থাপন অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে গবেষণার ফলাফল তুলে ধরেন থ্রাইভ কর্মসূচির ন্যাশনাল প্রিন্সিপাল ইনভেস্টিগেটর এবং আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) এমেরিটাস বিজ্ঞানী ড. জেনা ডেরাখশানি হামাদানি।

গবেষণায় দেখা গেছে, সরকারি স্বাস্থ্যসেবার বিদ্যমান ব্যবস্থাকে কাজে লাগিয়েই শিশুদের প্রাথমিক বিকাশে সহায়তা দেওয়া সম্ভব। এ ধরনের কার্যক্রমে অংশ নেওয়া পরিবারগুলোতে শিশু প্রতিপালনের চর্চা, ঘরে শেখা ও বিকাশে সহায়ক কার্যক্রম এবং খেলাধুলা ও শেখার উপকরণের প্রাপ্যতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে এসব ইতিবাচক পরিবর্তন শিশুদের সামগ্রিক বিকাশের ফলাফলে পরিসংখ্যানগতভাবে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারেনি।

গবেষকদের মতে, শিশু বিকাশ কার্যক্রমের কাঙ্ক্ষিত সুফল পেতে শুধু বেশি সংখ্যক শিশুর কাছে সেবা পৌঁছে দেওয়া যথেষ্ট নয়। এর পাশাপাশি সেবার মান বজায় রাখা, নিয়মিত তদারকি এবং মাঠপর্যায়ের কর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সহায়তা নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে জানানো হয়, আগের গবেষণার তথ্যপ্রমাণের ভিত্তিতে ‘স্ট্রেনদেনিং বাংলাদেশি বেবিস ব্রেইনস’ (এসবি৩) কর্মসূচির মাধ্যমে দেশের ৬০০টির বেশি কমিউনিটি ক্লিনিকে প্রারম্ভিক শিশু বিকাশ কার্যক্রম সম্প্রসারণ করা হয়েছে। এ কর্মসূচির আওতায় ১৫ হাজারের বেশি শিশুকে সেবা দেওয়ার পাশাপাশি প্রায় এক হাজার ৯৫০ জন মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মী এবং ৪০০ জনের বেশি সরকারি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা পরিদর্শককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

সম্প্রতি পরিচালিত একটি ক্লাস্টার-কন্ট্রোল্ড ট্রায়ালের মাধ্যমে কর্মসূচিটির প্রভাব মূল্যায়ন করা হয়। এতে দেখা যায়, কর্মসূচিতে অংশ নেওয়া পরিবারগুলোতে অভিভাবকদের শিশু প্রতিপালনের চর্চায় ইতিবাচক পরিবর্তন এসেছে। শিশুদের জন্য ঘরে শেখার পরিবেশ তৈরি এবং খেলাধুলা ও শেখার উপকরণের প্রাপ্যতাও বেড়েছে। কিন্তু এসব পরিবর্তনের পরও শিশুদের বিকাশের ফলাফলে পরিসংখ্যানগতভাবে উল্লেখযোগ্য উন্নতি পাওয়া যায়নি।

অনুষ্ঠানে আইসিডিডিআর,বির নির্বাহী পরিচালক ড. তাহমীদ আহমেদ শিশুর পুষ্টি ও মস্তিষ্কের বিকাশের সম্পর্ক তুলে ধরেন। তিনি বলেন, জীবনের শুরুর দিকে অপুষ্টি শিশুর মস্তিষ্কের বিকাশ ও বুদ্ধিবৃত্তিক সক্ষমতায় প্রভাব ফেলতে পারে। তাই শিশুর জীবনের গুরুত্বপূর্ণ এ সময়ে পুষ্টির পাশাপাশি মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশেও সমান গুরুত্ব দেওয়া প্রয়োজন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। তিনি বলেন, প্রারম্ভিক শিশু বিকাশের গুরুত্ব সম্পর্কে এখন যথেষ্ট তথ্যপ্রমাণ রয়েছে। গবেষণায় দেখা গেছে, খেলাধুলাভিত্তিক শেখা, বুদ্ধিবৃত্তিক উদ্দীপনা এবং শিশুর সঙ্গে নিয়মিত পারস্পরিক যোগাযোগ তার বুদ্ধিবৃত্তিক বিকাশে উল্লেখযোগ্য ভূমিকা রাখে। এর সুফল পরবর্তী শিক্ষাজীবনেও পাওয়া যায়।

দেশে শিশুদের শেখার ঘাটতির বিষয়টি তুলে ধরে তিনি প্রারম্ভিক শিশু বিকাশ কার্যক্রম দেশব্যাপী সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলের শিশু ও পরিবারকে এ কার্যক্রমের আওতায় আনতে জাতীয় পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান।

যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের (এফসিডিও) টিম লিডার ও এডুকেশন অ্যাডভাইজার মোহাম্মদ গোলাম কিবরিয়া বলেন, কার্যক্রম সম্প্রসারণ মানে শুধু বেশি মানুষের কাছে পৌঁছানো নয়। একই সঙ্গে সেবার মান বজায় রাখা, মাঠপর্যায়ের সক্ষমতা বাড়ানো, টেকসই অর্থায়ন নিশ্চিত করা এবং সরকারের নেতৃত্ব ও দায়িত্ব গ্রহণও জরুরি।

কমিউনিটি ক্লিনিক হেলথ সাপোর্ট ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুজ্জোহা স্বাস্থ্যসেবা কেন্দ্রের মাধ্যমে শিশু ও মায়েদের সহায়তায় আইসিডিডিআর,বির কাজের প্রশংসা করেন। এ অভিজ্ঞতা কাজে লাগিয়ে জাতীয় পর্যায়ে শিশু বিকাশ কার্যক্রম সম্প্রসারণের ওপরও গুরুত্ব দেন তিনি।

অনুষ্ঠানে গবেষক, নীতিনির্ধারক ও উন্নয়ন সহযোগীদের আলোচনায় শিশু বিকাশ কার্যক্রমের পরবর্তী ধাপের জন্য কয়েকটি বিষয় গুরুত্ব পায়। এর মধ্যে রয়েছে নিয়মিত তদারকি ও পর্যবেক্ষণ, মাঠপর্যায়ের কর্মীদের দক্ষতা বৃদ্ধি, অভিভাবক ও শিশুর পরিচর্যায় যুক্ত ব্যক্তিদের ধারাবাহিক অংশগ্রহণ, টেকসই অর্থায়ন এবং সরকারের নেতৃত্বে কার্যক্রম পরিচালনা।

উল্লেখ্য, থ্রাইভ কর্মসূচি যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের গ্লোবাল রিসার্চ অ্যান্ড টেকনোলজি ডেভেলপমেন্ট পোর্টফোলিও এবং নিউজিল্যান্ডের পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের অর্থায়নে পরিচালিত হচ্ছে। কর্মসূচিটি যৌথভাবে বাস্তবায়ন করছে অক্সফোর্ড পলিসি ম্যানেজমেন্ট ও আইসিডিডিআর,বি।

Facebook Comments Box

আরও পড়ুন

A Celebration of Style- Apex Brings the Joy of the Shopping Experience to 11.11

১১.১১ উপলক্ষে এপেক্সে ২২ শতাংশ পর্যন্ত ছাড়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার আশায় কমল তেলের দাম

১৫ হাজার শিশুকে বিকাশের সেবা, গবেষণায় মিলল না উল্লেখযোগ্য সুফল

হালকা কুয়াশা আর হিমেল বাতাসে শীতের ছোঁয়া পঞ্চগড়ে

উত্তপ্ত হচ্ছে সমুদ্র, গলছে হিমবাহ, ভয়াবহ ভবিষ্যতের মুখে পৃথিবী

vivo Launches New Flagship Smartphone V80 in Bangladesh

বাংলাদেশে লঞ্চ হলো ভিভোর নতুন ফ্ল্যাগশিপ ভি৮০

DAM Expresses Gratitude to Prime Minister’s Initiative

প্রধানমন্ত্রীর উদ্যোগকে স্বাগত জানিয়ে ঢাকা আহ্ছানিয়া মিশনের কৃতজ্ঞতা প্রকাশ

ডেঙ্গু চিকিৎসায় আড়াই কোটি টাকার বেশি বীমা দাবি পরিশোধ করল মেটলাইফ

খাবারের আড়ালে লুকিয়ে থাকা নীরব ঘাতক ট্রান্স ফ্যাট