
বাংলাদেশ ব্যাংক ‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন ডিজাইন ও সিরিজের ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট ১২ আগস্ট ২০২৫ থেকে প্রথমবারের মতো বাজারে ছাড়ছে। গভর্নর ড. আহসান এইচ মনসুর স্বাক্ষরিত এ নোট সেদিন প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু হবে এবং পরে অন্যান্য অফিস থেকেও সরবরাহ করা হবে।

১৪০ মি.মি. × ৬২ মি.মি. আকারের এই নোটের সম্মুখভাগে বামপাশে ষাট গম্বুজ মসজিদ এবং মাঝখানে প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলার ছবি রয়েছে। পেছনে রয়েছে সুন্দরবনের ছবি। জলছাপ হিসেবে রয়েল বেঙ্গল টাইগারের মুখ, এর নিচে ইলেক্ট্রোটাইপে ‘100’ ও বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম যুক্ত হয়েছে। নোটের মূল রং নীল।

নোটটিতে ১০টি নিরাপত্তা বৈশিষ্ট্য সংযোজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে—রঙ পরিবর্তনশীল কালি দিয়ে মুদ্রিত মূল্যমান ‘১০০’, পেঁচানো নিরাপত্তা সুতা যা নেড়েচেড়ে দেখলে লাল থেকে সবুজে পরিবর্তিত হয়, দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য স্পর্শে অনুভবযোগ্য চিহ্ন, ইন্টাগ্লিও প্রিন্টিং, মাইক্রোপ্রিন্ট, সি-থ্রু ইমেজ, গুপ্ত লেখা, UV দৃশ্যমান ফাইবার ও কিউরিং ভার্নিশ।
বর্তমানের সব কাগুজে নোট ও ধাতব মুদ্রা প্রচলিত থাকবে। পাশাপাশি মুদ্রা সংগ্রাহকদের জন্য বিনিময়যোগ্য নয় এমন ১০০ টাকার নমুনা নোটও মুদ্রণ করা হয়েছে, যা টাকা জাদুঘর, মিরপুর থেকে সংগ্রহ করা যাবে।