
হিমেল বাতাস ও কুয়াশার দাপটে উত্তরের হিমালয়ঘেঁষা জেলা পঞ্চগড়ে বাড়তে শুরু করেছে শীতের অনুভূতি। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ঠান্ডার তীব্রতা বেশি থাকছে। বিশেষ করে ভোরে কুয়াশাচ্ছন্ন আকাশ ও হিমেল বাতাসে বিপাকে পড়ছেন সাধারণ মানুষ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ। এর আগের দিন সোমবার একই সময়ে তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে এ অঞ্চলের তাপমাত্রা ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। তাপমাত্রার খুব বেশি পরিবর্তন না হলেও হিমেল বাতাস ও কুয়াশার কারণে শীতের অনুভূতি বাড়ছে।
স্থানীয়রা জানান, রাত থেকেই উত্তর-পশ্চিম দিক থেকে হিমেল বাতাস বইছে। সকালে আকাশ মেঘলা ও কুয়াশাচ্ছন্ন থাকায় সূর্যের দেখা মিলছে না। সকাল ও সন্ধ্যার পর ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দিনের তাপমাত্রা কিছুটা স্বাভাবিক থাকছে। বিকেলের পর আবারও বাড়ছে শীতের প্রকোপ।
শীতের এমন আবহেও জীবিকার তাগিদে সকাল থেকেই কাজে বের হচ্ছেন নিম্নআয়ের শ্রমজীবী মানুষ। চা-বাগান, খনি এলাকা ও নদীঘাটসহ বিভিন্ন স্থানে শ্রমিকদের কর্মব্যস্ততা দেখা গেছে। ভ্যানচালক, রিকশাচালক ও দিনমজুরদেরও ঠান্ডা উপেক্ষা করে জীবিকার সন্ধানে ছুটতে হচ্ছে। তবে সকালের কুয়াশা ও ঠান্ডা তাদের স্বাভাবিক কর্মজীবনে কিছুটা প্রভাব ফেলছে।
এদিকে, শীতের কারণে শিশু ও বয়স্কদের ঠান্ডাজনিত স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। সর্দি-কাশি, হাঁপানি ও নিউমোনিয়াসহ বিভিন্ন উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে আসছেন অনেকে। এ অবস্থায় শিশু ও বয়স্কদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, মঙ্গলবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় ১৪ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ। আগের দিন একই সময়ে তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। হিমালয়ঘেঁষা অবস্থানের কারণে দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় পঞ্চগড়ে শীতের আগমন আগে ঘটে। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও কমতে পারে।