
হৃদরোগ চিকিৎসায় ব্যবহৃত ১১ ধরনের করোনারি স্টেন্টের (রিং) দাম কমিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ সোমবার (৪ আগস্ট) এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই মূল্য হ্রাসের ঘোষণা দেয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, বিশেষজ্ঞ পরামর্শক কমিটির সুপারিশ এবং ট্যাক্স, ভ্যাট, কমিশন ও কোম্পানিগুলোর যুক্তিসঙ্গত মুনাফা বিবেচনায় রেখে স্টেন্টগুলোর সর্বোচ্চ খুচরা মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে। এতে একেকটি রিংয়ের দাম ৩ হাজার থেকে শুরু করে সর্বোচ্চ ৮৮ হাজার টাকা পর্যন্ত কমানো হয়েছে।
নতুন দামের তালিকায় রয়েছে:

মেডিট্রনিক কোম্পানির রিসোলেট অ্যানেক্স – ৯০,০০০ টাকা
বোস্টনের প্রমাস অ্যালিট – ৭২,০০০ টাকা
প্রমাস প্রিমিয়াম – ৭০,০০০ টাকা
সেনের্জারি, সেনের্জারি শেইল্ড – ৯০,০০০ টাকা
সেনের্জারি এক্সডি – ১,০০,০০০ টাকা
অ্যাববোটের অ্যাক্সজিন্স প্রিমিয়াম – ৫০,০০০ টাকা
অ্যাক্সজিন্স এক্সপিডিশন – ৭১,০০০ টাকা
অ্যাজিন্স অ্যালফাইন ও সিয়ারা – উভয়ই ৯০,০০০ টাকা
মেডিট্রনিকের ওনিক্স ট্রাকোর – ৫০,০০০ টাকা
প্রজ্ঞাপনে আরও বলা হয়, হাসপাতালগুলো যেন এসব রিং বসানোর সময় সার্ভিস চার্জ হিসেবে সর্বোচ্চ ৫ শতাংশের বেশি না নেয়, তা নিশ্চিত করতে হবে। এ ছাড়া অনুমোদিত মূল্যের বাইরে কোনো কার্ডিওভাসকুলার বা নিউরো ইমপ্ল্যান্ট ডিভাইস কেনাবেচা করা যাবে না এবং এ বিষয়ে মনিটরিংয়ের নির্দেশনাও দেওয়া হয়েছে।
উল্লেখ্য, এর আগে ২০২৪ সালে সরকার ২৩ ধরনের স্টেন্টের দাম পুনঃনির্ধারণ করেছিল।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, সরকারের এই উদ্যোগ হৃদরোগ চিকিৎসা আরও সাশ্রয়ী ও সহজলভ্য করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।